চকবাজার ও জামালখানে ১২টি বেসরকারি কলেজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজ প্রতিষ্ঠা ও পরিচালন নীতিমালা অনুযায়ী, একটি সরকারি বা বেসরকারি কলেজ থেকে আরেকটি কলেজের দূরত্ব হতে হবে কমপক্ষে দুই কিলোমিটার। অথচ চট্টগ্রামের চকবাজার ও জামালখানের দুই কিলোমিটার এলাকার মধ্যে সরকারি দুটি কলেজ ছাড়াও ১২টি বেসরকারি কলেজের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে ছয়টির পাঠদানের অনুমোদনই নেই। বাকি ছয়টির পাঠদানের অনুমতি থাকলেও এখন পর্যন্ত একাডেমিক স্বীকৃতি মেলেনি।এ ছাড়া একই ভবনে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থাকারও প্রমাণ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, কলেজ পরিচালনাকারীদের পরিকল্পনা অনুযায়ী, অননুমোদিত এসব কলেজে শিক্ষার্থীদের ভর্তি করে সেখানে পাঠদান করা হবে। তবে শিক্ষার্থীরা অন্য কোনো নিবন্ধিত কলেজের শিক্ষার্থী হিসেবে বোর্ড পরীক্ষায় অংশ নেবে।চকবাজারের কলেজ রোডে চট্টগ্রাম সরকারি কলেজ ও হাজী মুহম্মদ মুহসীন কলেজের মুখোমুখি অবস্থান। সরেজমিনে ঘুরে ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত এ দুটি সরকারি কলেজের অবস্থান ঘিরেই ব্যাঙের ছাতার মতো কলেজ বা অন্য শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। যেসব শিক্ষার্থী সরকারি কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে না, তারা বাধ্য হয়ে এসব অননুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, মোট ১২টি বেসরকারি কলেজের ছয়টি অনুমোদনহীন। যে ছয়টি কলেজের পাঠদান কিংবা একাডেমিক স্বীকৃতির অনুমোদন নেই সেগুলো হলো, চকবাজারসংলগ্ন চট্টেশ্বরী সড়কের সাউথ এশিয়ান কলেজ, জামালখানের এস এস খালেদ সড়কের চট্টগ্রাম আইডিয়াল কলেজ, অরবিট ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ, কলেজ রোডের চট্টগ্রাম কাজেম আলী উচ্চবিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম কলেজের পূর্ব গেটের ন্যাশনাল সায়েন্স অ্যান্ড কমার্স কলেজ ও দেব পাহাড়ের মহানগর কলেজ। যেগুলো পাঠদানের অনুমতি পেয়েছে সেগুলো হলো, চট্টেশ্বরী সড়কের চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বি এস পাবলিক কলেজ, দেব পাহাড়ের চট্টগ্রাম বিজ্ঞান কলেজ, কাতালগঞ্জের চট্টগ্রাম কসমোপলিটন কলেজ, চট্টগ্রাম কলেজের পূর্ব গেটের মেট্রোপলিটন সায়েন্স কলেজ ও এস এস খালেদ সড়কের চট্টগ্রাম মেট্রোপলিটন কমার্স কলেজ। এদিকে, একই ভবনে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান দেখা গেছে। যেমন চট্টেশ্বরী সড়কের ল্যাবরেটরি কলেজের ভবনে টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে। অন্যদিকে এস এস খালেদ সড়কে অরবিট ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের ভবনে শরীফা আর্ট স্কুল রয়েছে। এলাকা ঘুরে দেখা গেছে, চকবাজারসংলগ্ন চট্টেশ্বরী সড়কের ৭৭/এ ভবনটির তৃতীয় ও চতুর্থ তলায় চট্টগ্রাম ল্যাবরেটরি কলেজের শিক্ষা কার্যক্রম চলে। নিচতলায় দোকান ও দোতলায় একটি কোচিং সেন্টার। পাশের ভবনে রয়েছে বি এস পাবলিক কলেজ। এটি সম্প্রতি পাঠদানের অনুমতি পেয়েছে। এ ভবনটির পাশের ভবনে (১১৬, চট্টেশ্বরী সড়ক) চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের আরেকটি ক্যাম্পাস। ওই ভবনেই একটি বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ। লাগোয়া আরেকটি ভবনে (১০১ চট্টেশ্বরী রোড) সাউথ এশিয়ান কলেজ। এভাবে চকবাজার ও জামালখানের দুই কিলোমিটারের মধ্যে যেন অনুমোদিত ও অননুমোদিত কলেজের হাট বসেছে। অনুমোদন পেলেও কিছু কলেজ পদে পদে নিয়মনীতি ভঙ্গ করছে।খোঁজ নিয়ে জানা গেছে, অননুমোদিত কলেজের বৈধতার জন্য সরকারি দলের সাংসদেরা তদবির করে যাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। উচ্চমাধ্যমিকের নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করানোর জন্য এসব কলেজ এখন ব্যাপক প্রচারণা চালাচ্ছে। চকবাজার ও জামালখান এলাকায় এসব কলেজের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে।এ প্রসঙ্গে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা সংশ্লিষ্ট কলেজের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিদর্শন করি। এরপর মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাই। পরে সেখান থেকে অনুমোদন দেওয়া হয়। একই ভবনে দুটি কলেজের কথাও আমাদের প্রতিবেদনে উল্লেখ ছিল।’ এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক উপসচিব বলেন, ‘এক ভবনে দুই কলেজ অনুমোদন পেতে পারে না। হয়তো আমাদের ভুল তথ্য দিয়ে এটা করিয়ে নিয়েছে। আমরা তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’এ প্রসঙ্গে জানতে চাইলে বি এস কলেজের উদ্যোক্তা মো. আজিজুল হক বলেন, ‘আমাদের হোল্ডিং ৭৭/ই। ল্যাবরেটরি কলেজের হোল্ডিং ৭৭/এ। আমরা তাদের পেছনের ভবনে। ৭৭/এ-তে আমাদের কোচিং সেন্টার রয়েছে।’ সরেজমিনে দেখা গেছে, নগরের চকবাজারের কলেজ রোডে চট্টগ্রাম সরকারি কলেজ ও হাজী মুহম্মদ মুহসীন কলেজের মুখোমুখি অবস্থান। মুহসীন কলেজের পাশের দেব পাহাড়ে চট্টগ্রাম বিজ্ঞান কলেজ ও চট্টগ্রাম মহানগর কলেজের অবস্থান। মহানগর কলেজের পাঠদানের অনুমতি সম্প্রতি বন্ধ করে দেওয়া হয় বলে শিক্ষা বোর্ড নিশ্চিত করেছে। চট্টগ্রাম কলেজের পূর্ব গেটের একপাশে মেট্রোপলিটন সায়েন্স কলেজ ও অন্যপাশে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড কমার্স কলেজের অবস্থান। এর মধ্যে পরেরটির পাঠদানের অনুমতি নেই বলে বোর্ড সূত্রে জানা গেছে। এ ছাড়া চকবাজারসংলগ্ন কাতালগঞ্জে চট্টগ্রাম কসমোপলিটন কলেজ রয়েছে। আবার মুহসীন কলেজের দক্ষিণ গেটে জামালখান এলাকায় রয়েছে চট্টগ্রাম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এ ছাড়া চট্টগ্রাম কলেজের পাশে কাজেম আলী উচ্চবিদ্যালয়ও সম্প্রতি কলেজের জন্য বোর্ডে আবেদন করেছে। তাতে সুপারিশ করেছেন স্থানীয় সাংসদ নুরুল ইসলাম বিএসসি। তবে অনুমতি না মিললেও কাজেম আলী উচ্চবিদ্যালয় ছাত্র ভর্তি করিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এর কাছেই জামালখানের এস এস খালেদ সড়কে চট্টগ্রাম মেট্রোপলিটন কমার্স কলেজ, এটি অনুমোদনপ্রাপ্ত। এ কলেজের পাশে আরও দুটি নতুন কলেজ গজিয়ে উঠেছে। লাগোয়া ভবনে অবস্থিত এ কলেজ দুটি হচ্ছে চট্টগ্রাম আইডিয়াল কলেজ (দ্বিতীয় ক্যাম্পাস) ও অরবিট ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ। আইডিয়াল কলেজের জন্যও স্থানীয় সাংসদের সুপারিশ রয়েছে বলে জানা গেছে। এ দুটির কোনোটির অনুমোদন নেই। অরবিট স্কুল অ্যান্ড কলেজের ভবনে আবার শরীফা আর্ট স্কুলও রয়েছে। জানা গেছে, পাঠদানের অনুমতি না পেলেও এসব কলেজ কয়েক বছর ধরে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করিয়ে যাচ্ছে। পরে অন্য কোনো স্বীকৃত ও অনুমোদনপ্রাপ্ত কলেজের হয়ে এখানকার শিক্ষার্থীরা নিবন্ধন ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে থাকে। বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া বলেন, ‘চকবাজার ও জামালখান এলাকায় এসব কলেজের সংখ্যা বেশি। অনেক কলেজ পাঠদানের অনুমোদন পাওয়ার আগেই শিক্ষার্থী ভর্তি করাচ্ছে। এগুলো নিয়ে আমরা ঝামেলার মধ্যে আছি। আমরা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন ঢাকায় পাঠিয়ে দিই।’ জামালখান ও চকবাজার ছাড়াও বহদ্দারহাটে মেরিট স্কুল অ্যান্ড কলেজ, আগ্রাবাদে সিটি বিজ্ঞান কলেজ অনুমোদনহীন।