চকবাজার সরগরম
রমজান মাস এলে চকবাজার হয়ে পড়ে সরগরম। মসলায় ভরপুর খাসির আস্ত কাবাব থেকে শুরু করে দুধের ঘোল—সবকিছু এখানে পাওয়া যায় ইফতারির অনুষঙ্গ হিসেবে। চকবাজারের ইফতারি মানেই ঐতিহ্য, ঢাকার বনেদিয়ানার অলিখিত ইতিহাস। চকবাজারের সেই অগণিত ইফতারির পদ থেকে বেছে বেছে কয়েকটির কথা বলা হলো।দইবড়া: দইবড়া নতুন ঢাকার লোকজনের কাছে খুব একটা জনপ্রিয় না হলেও পুরান ঢাকার আদি বাসিন্দাদের কাছে এই খাবারটির আদর অন্য রকম। তার প্রমাণ পাওয়া যায় রমজান মাসে চকবাজারে পা দেওয়ার সঙ্গে সঙ্গে। কেননা, দইবড়ার বেশ বড় কয়েকটা দোকান চোখে পড়ে এখানে। মূলত টক দইয়ের মধ্যে ডালের বড়া ছেড়ে আর মসলার মিশ্রণে দইবড়া বানানো হয়। বলাই বাহুল্য, এর স্বাদ হয় টক-ঝাল। ইফতারির প্রচলিত বুট, মুড়ি, পেঁয়াজুর বদলে তাই অনেকেই এই খাবারটা বেশ আগ্রহ করে খান। সুতি কাবাব: কিমা আর নানা মসলার অসাধারণ মিশ্রণ যখন রডের গায়ে চেপে সুতার প্যাঁচে আটকা পড়ে চুলায় ওঠে, তখনই হয় দুর্দান্ত সুতি কাবাব। রুস্তমের সুতি কাবাবের নাম তো এখনো মানুষের মুখে মুখে ঘোরে। অথচ রুস্তম মিয়া মারা গেছেন সেই কবে। তাঁর ছেলে মাহবুব মিয়া বর্তমানে চকবাজারে এই কাবাব বিক্রি করেন। অনেকেই যে জিনিসটা জানেন না তা হলো, সুতি কাবাব কিন্তু এমনি এমনি খাওয়া যায় না। এটি মুড়িমাখার সঙ্গে খেতে হয়। চকবাজারে গরু আর খাসি—দুই ধরনের মাংসেরই সুতি কাবাব পাওয়া যায়। গরুর মাংসের কাবাব প্রতি কেজি ৩০০ থেকে ৪০০ আর খাসির কাবাব ৪০০ থেকে ৪৫০ টাকা। বড় বাপের পোলায় খায়: স্বাদের চেয়ে অদ্ভুত নামের জন্য খ্যাতি পেয়েছে ইফতারির এই পদটি। অদ্ভুত এই নামের কারণে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে এর নাম। বারো রকমের মসলা আর নানা রকম ভাজাভুজির সঙ্গে মাংসের টুকরোর মিশেলের নাম ‘বড় বাপের পোলায় খায়’। নামের কারণে অনেক বেশি পরিচিতি পাওয়ায় ‘বড় বাপের পোলায় খায়’ নিয়ে চকবাজারে এক ধরনের নীরব যুদ্ধ চলছে। এটি নিয়ে যিনি বসেন তিনিই দাবি করেন, তাঁরটিই আদি ও আসল বড় বাপের পোলায় খায়। তবে স্থানীয় বয়োজ্যেষ্ঠ কয়েকজনের সঙ্গে কথা বললে তাঁরা জানান, মোহাম্মদ সালেকিনের দাদা কামেল মহাজন এই খাবারের মূল আবিষ্কারক। এখন মোহাম্মদ সালেকিন যেখানে বসেন, সেখানে বসে তাঁর দাদা পাঁচ আনায় কাঁঠালের পাতায় মুড়ে এই খাবার বিক্রি করতেন। এখন অবশ্য এর দাম ২৫০ থেকে ২৬০ টাকা কেজি।শাহি জিলাপি: চকবাজারের ইফতারির দোকানগুলোয় যাঁরা জিলাপি বানান, তাঁদের অনেকেই এই জিলাপি তৈরি করেন। একেকটা জিলাপির ওজন হয় এক থেকে দেড় কেজি। আড়াই প্যাঁচের ছোট ছোট জিলাপি তৈরি হয় যে খামি দিয়ে, সেই একই খামিতে তৈরি হয় শাহি জিলাপি। পার্থক্য শুধু এটুকুই, এটা আকারে তার দশ গুণ। চকবাজারের শাহি জিলাপি অনেকেই শখ করে কিনতে আসেন। দোকানিরা জানালেন, কেউ কেউ নাকি বাড়ির মানুষকে অবাক করে দিতে এই জিলাপি কিনে নিয়ে যান।মুরগা মুসাল্লাম: অনেকগুলো আস্ত মুরগি সাজানো আছে অ্যালুমিনিয়ামের বিশাল একটি থালায়। গায়ে হলদেটে রঙের মসলার মিশ্রণ মাখানো। কাছে যেতেই নানা ধরনের মসলার মন মাতানো ঘ্রাণ। এর নাম হলো মুরগা মুসাল্লাম। এটি চকবাজারের আরেকটা বিখ্যাত ইফতারির পদ। রুটি কিংবা মুড়িমাখা—যেকোনোটার সঙ্গেই খাওয়া যায়। মুরগা মুসাল্লামের উৎপত্তি নাকি নবাববাড়ির হেঁশেলে। অবশ্য সে সময়কার সেই রন্ধনপ্রণালি এখন কারও কাছেই নেই। তবুও চকবাজারের মুরগা মুসাল্লাম খেতে একেবারে মন্দ নয়। দাম পড়ে ১৬০ থেকে ২০০ টাকা।বোরহানি, ঘোল: ইফতারিতে শুধু শুষ্ক কঠিন পদ হলেই তো হয় না, সঙ্গে চাই প্রাণ জুড়ানো ঠান্ডা, সুস্বাদু পানীয়। খাবারের মতোই ইফতারির পানীয়র জন্যও চকবাজারের কিন্তু অন্য রকম সুনাম আছে। খুবই সুস্বাদু বোরহানি পাওয়া যায় এখানে। ঘোলও মেলে দারুণ।ঘুগনি: মুড়ি দিয়ে খেতে ঘুগনির জুড়ি নেই। ডাবলি বুট সেদ্ধ করে গলিয়ে তা দিয়ে বানাতে হয় ঘুগনি। চকবাজারে বেশ কিছু দোকান আছে ঘুগনির। ঘুগনির সঙ্গে নানা রকম শুকনো মসলা আর ধনেপাতা মিশিয়ে বিক্রি করেন দোকানিরা। ইফতারির অপরিহার্য মুড়ি মাখার সঙ্গে ঘুগনি হলে সেটার স্বাদ যে কতটা বেড়ে যায়, তার প্রমাণ মেলে চকবাজারে ঘুগনির দোকানে ভিড় দেখে।