চকবাজার সরগরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাপ্তাহিক ছুটির দিন হলেও কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে চকবাজার চত্বরে যেতে সময় লাগল ৩০ মিনিটের বেশি। চকের মোড়ে অগণিত মানুষের উপস্থিতি। ছোট-বড় ভ্যান এমনকি ট্রাকে করে মালামাল ওঠানো হচ্ছে। কারও যেন এতটুকু কথা বলার ফুরসত নেই। ছোট-বড় সব পাইকারি দোকানে ক্রেতার বেজায় ভিড়। পাইকারি বাজার, তাই দর-কষাকষির সুযোগ নেই, শুধু চাহিদামতো মালের নাম আর পরিমাণ বলা। বাকি কাজটা করে থাকেন শ্রমিকেরাই। গতকাল শুক্রবার দেশের অন্যতম প্রধান পাইকারি বাজার পুরান ঢাকার চকবাজারের দৃশ্য এটি। ঈদের আরও বেশ কিছু দিন বাকি থাকলেও চকবাজারের বেচাকেনা এখন শেষ পর্যায়ে। পাইকারেরা বলছেন, আর কয়েক দিনের মধ্যে সারা দেশে চাহিদার মালামাল পৌঁছে যাবে। ‘মাশআল্লাহ, এবার শবে বরাতের আগেই বাজার জমে গেছে। দুই চালান শেষ। তিন নম্বর চালান যাওয়া শুরু হবে শিগগিরই। শেষের দিকে ঢাকার আশপাশের পাইকারি ব্যবসায়ীরা আসেন। সব মিলিয়ে ব্যবসাপাতি এবার ভালো।’ বলছিলেন চকবাজার ‘হক স্টোর’-এর স্বত্বাধিকারী আশরাফ হোসেন। নানা রকমের গার্মেন্টস মালামাল তাঁর দোকানে বিক্রি হয়। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হলেও ঈদের ব্যস্ততার কারণে গতকাল সকাল থেকেই মার্কেট খোলা হয়। শুধু চকবাজার নয়, আশপাশের মৌলভীবাজার, বেগমবাজার, উর্দু রোড থেকে সারা দেশেই পাইকারি মালামাল সরবরাহ করা হয়। পাঞ্জাবি, জামা, থ্রি-পিস, বাচ্চাদের পোশাক থেকে শুরু করে চুড়ি, অলংকার ও প্রসাধনীর প্রধান পাইকারি বাজার এখানে। ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকার খুচরা দোকানে এখান থেকেই মালামাল যায়। খুচরা বিক্রির কোনো কারবার নেই।চকবাজারের ব্যবসায়ী আশরাফ হোসেন জানালেন, তিনটি চালানে তাঁদের ঈদের ব্যবসা হয়ে থাকে। শবে বরাতের পর প্রথম চালানটি চলে যায় দেশের বিভিন্ন এলাকায়। কিন্তু এবার শবে বরাতের বেশ কয়েক দিন আগেই ঈদের চালান যাওয়া শুরু হয়ে গেছে। দ্বিতীয় চালানটি গেছে রোজার শুরুতে। আশরাফ বলেন, ‘মানুষের কেনাকাটা করার অভ্যাস বদলে গেছে। অনেকে রোজার মধ্যে মার্কেটে যাওয়ার ঝামেলা এড়ানোর জন্য আগেভাগেই সেরে ফেলেন। যার প্রভাব পড়েছে আমাদের এখানেও।’ মেয়েদের পোশাক প্রস্তুতকারক উর্দু রোড়ের ‘আপন বেবি কালেকশন’-এর আবদুল জাফর বললেন, ‘এবার বেশ কিছু নতুন ডিজাইনের পোশাক বাজারে এনেছেন তাঁরা। রমজানের ১৫ দিন আগেই ঢাকার বাইরে থেকে পাইকারেরা আসতে শুরু করেন। এখন ঢাকা ও আশপাশের জেলাগুলোতে মালামাল যাচ্ছে। তিনি বলেন, ‘যাঁরা গুণগত মান ভালো রাখতে পেরেছেন, তাঁদের ব্যবসা ভালো।’ সারা বছর যা বিক্রি হয়, তার চেয়ে বেশি বিক্রি হয় রমজানে, জানালেন উর্দু রোডের আরেকজন পোশাক প্রস্তুতকারক ‘রিফাত গার্মেন্টস’-এর মালিক মো. আলমগীর। তাঁর পর্যবেক্ষণ হলো, বন্যার কারণে দক্ষিণবঙ্গে মালের চাহিদা কিছুটা কম ছিল। তবে এই ব্যবসায়ীর একটা অভিযোগ হলো, সরু রাস্তার কারণে সারা বছরই ওই এলাকায় যানজট লেগে থাকে। যা ব্যবসার ওপর পরোক্ষভাবে হলেও প্রভাব পড়ে। দেশীয় শিল্প রক্ষায় এ ব্যাপারে সরকারের কিছু করা উচিত বলে তাঁর মত।