চকরিয়ায় রাবার বুলেটে আহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ার পৌরসভার চিরিঙ্গা এলাকায় আজ শুক্রবার বিকেলের দিকে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে নয়জন রাবার বুলেটে আহত হয়েছে।আহত ব্যক্তিরা হলো, জসিম উদ্দিন (৩০), আবদুর রহিম (২৮), সাইফুল ইসলাম (২৩), আবু তাহের (১৫), মুজিবুর রহমান (১৬), মো. আবদুল্লাহ (২২), মমিনুল হক (২০), পিয়ম (১৬) ও হোছাইন মিয়া (১৫)। তাঁদের চকরিয়া ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চকরিয়ায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারে করে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল পাঁচটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল বের করে অতর্কিতে পৌর শহরের ওয়ালটন শো-রুম, ব্যাংক এশিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক শহিদ উদ্দিনের ব্যক্তিগত অফিসে ভাঙচুর শুরু করে। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া প্রথম আলো ডটকমকে বলেন, ‘এ ঘটনায় পারভেজ, বাপ্পী ও আক্তার নামে তিনজনকে আটক করা হয়েছে।’