চকরিয়া ও হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া এবং নোয়াখালীর হাতিয়ায় আজ শনিবার আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছে। আমাদের চকরিয়া প্রতিনিধি জানিয়েছেন, আজ ভোরে কক্সবাজার থেকে শুঁটকিবোঝাই একটি ট্রাক চট্টগ্রামে যাচ্ছিল। ট্রাকটি চকরিয়ার উত্তর হারবাং এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন ট্রাকটি উল্টে রাস্তার পাশে পড়ে গেলে চালকের সহকারীসহ ট্রাকে থাকা বেশ কয়েকজন শুঁটকি ব্যবসায়ী ট্রাকের নিচে চাপা পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও পাঁচজন আহত হয়।নিহতেরা হলেন ট্রাকচালকের সহকারী রফিক আহমদ (১৮), শুঁটকি ব্যবসায়ী হামিদ হোসেন (৫০) ও তাঁর ছেলে মোহাম্মদ ফারুক (২৮)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) রমিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।হাতিয়া প্রতিনিধি জানিয়েছেন, আজ বেলা তিনটার দিকে উপজেলার সৈয়দদিয়ায় বর যাত্রীবাহী একটি জিপের সঙ্গে আরেকটি জিপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারজান (৪০) নামের যাত্রী নিহত ও অন্তত ২০ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) নূরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি।