কক্সবাজারের চকরিয়া পৌরসভার আমানের চর এলাকায় গত শনিবার রাতে গুলি করে ও কুপিয়ে এক ব্যবসায়ীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ব্যবসায়ীর নাম নজরুল ইসলাম (৩৫)।এ ছাড়া মুন্সিগঞ্জের গজারিয়ায় শনিবার রাতে বাসের টিকিট বিক্রেতা খুন হয়েছেন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে গতকাল রোববার সকালে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, দুজনই ছিনতাইকারীদের হাতে নিহত হয়েছে।আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ব্যবসায়ী হত্যা: নিহত নজরুল ইসলামের ভাই মোহাম্মদ মানিক জানান, শনিবার রাত ১০টার দিকে তাঁরা দুই ভাই এবং স্থানীয় আরও দুজন একসঙ্গে বেতুয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। আমানের চর এলাকায় পৌঁছানোর পর ১০-১২ জন তাঁদের পথ রোধ করে নজরুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যরা দৌড়ে নিরাপদ স্থানে চলে যায়। সন্ত্রাসীরা পরপর ছয়টি গুলি করে। এরপর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে নজরুলকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়।নিহত নজরুল ইসলাম আমানের চর এলাকার আহমদ হোসেনের ছেলে। স্থানীয় বেতুয়া বাজারে তাঁর একটি সবজির আড়ত আছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় গতকাল সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নুরু বাপের পাড়ার আক্তার হোসেন (২০) ও আবুল কালামকে (৪৫) আটক করা হয়েছে।ওসি আরও জানান, ২০০৮ সালে এলাকায় একজন খুন হন। নজরুল ওই মামলার প্রধান আসামি। দীর্ঘদিন কারাগারে থাকার পর তিনি সম্প্রতি জামিনে মুক্তি পান। আগের হত্যার সঙ্গে এই হত্যার সংশ্লিষ্টতা থাকতে পারে।টিকিট বিক্রেতা খুন: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ডে গত শনিবার রাতে বাসের টিকিট বিক্রেতা হাবিবুর রহমান (২৮) খুন হয়েছেন। তিনি গজারিয়া-গুলিস্তান রুটে একটি যাত্রীবাহী বাস কাউন্টারে টিকিট বিক্রি করতেন। গতকাল সকালে বাস কাউন্টারের ভেতর থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশের গলায় রশি পেঁচানো ও শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন রয়েছে।গজারিয়া থানার ওসি এস এম সহিদুল ইসলাম জানান, হাবিবুর রহমান কুমিল্লার মেঘনা উপজেলার লুটের চর গ্রামের জিলানী মিয়ার ছেলে। নিহত হাবিবুরের ভাই জসিম উদ্দিন একটি হত্যা মামলা করেছেন।হাবিবুর হত্যার প্রতিবাদে গজারিয়া-গুলিস্তান রুটের পরিবহন মালিক-শ্রমিকেরা গতকাল ভোর পাঁচটা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন। এ সময় তাঁরা ওই রুটের শতাধিক বাস ভবেরচর বাসস্ট্যান্ডে দাঁড় করিয়ে রাখে এবং লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করে। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ আহমেদ ঘটনাস্থলে গিয়ে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়।দুই খুন: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে কোটচাঁদপুরের বলুহর রামচন্দ্রপুর গ্রামের রবীন্দ্রনাথ গড়াইয়ের ছেলে বিপ্লব কুমারের (১৫) মৃতদেহ। বিপ্লব বলুহরে ভাড়ায় মোটরসাইকেল চালাত। নিহত বিপ্লবের বাবা রবীন্দ্রনাথ জানান, গত শুক্রবার বিকেলে দুই ব্যক্তি মোটরসাইকেল ভাড়া করে বিপ্লবকে নিয়ে যান। এরপর সে আর বাড়ি ফেরেনি। মোটরসাইকেলটি ছিনতাইয়ের জন্যই সম্ভবত তাকে খুন করা হয়েছে।এ ছাড়া বলিদাপাড়া থেকে চার কিলোমিটার দূরে দোকানঘর এলাকা থেকে আরেকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম জানান, মৃতদেহটি দেখে ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের পর তাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে।গৃহবধূর লাশ উদ্ধার: বগুড়ার ধুনট উপজেলার মাঠপাড়া গ্রাম থেকে গত শনিবার রাতে গৃহবধূ সোহাগী খাতুনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সোহাগীর বাবার অভিযোগ, যৌতুক না দেওয়ায় তাঁর মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।প্রায় তিন বছর আগে মাঠপাড়া গ্রামের আনারুল হকের সঙ্গে উপজেলার জিঞ্জিরতলা গ্রামের সোহাগীর বিয়ে হয়। তাঁদের দুই বছরের একটি ছেলে রয়েছে। আনারুলের দাবি, সোহাগী আত্মহত্যা করেছেন।ধুনট থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, সোহাগীর বাবা মামলা করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।