চকরিয়ায় ধাক্কা লেগে বাস ও মাইক্রো খাদে, নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও ২০ জন আহত হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হারবাংয়ের লাল ব্রিজ এলাকায় পরস্পরের সঙ্গে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাস খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা তিনটার দিকে সড়কের এক পাশে একটি থেমে থাকা পিকআপ ভ্যানে পান ওঠানো হচ্ছিল। ঠিক অপর পাশেই চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস থামিয়ে যাত্রী নামানো হচ্ছিল। এ সময় কক্সবাজারগামী একটি বাস দ্রুত গতিতে মাইক্রোবাস ও পিকআপের মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করে। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি রাস্তার এক পাশে এবং বাসটি অন্য পাশের খাদে ছিটকে পড়ে। এ সময় বাসটির সঙ্গে পিকআপেরও ধাক্কা লাগে। ঘটনাস্থলেই পিকআপের পাশে দাঁড়িয়ে থাকা এক পান ব্যবসায়ী এবং বাস ও মাইক্রোবাসের ছয় যাত্রী নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন উখিয়া উপজেলার সোনার পাড়ার পান ব্যবসায়ী আমির আলী (৫০), চকরিয়া উপজেলার হারবাংয়ের আনোয়ার হোসেন (৬০) ও শামসুল আলম (৪৫), পেকুয়া উপজেলার শীলখালী এলাকার মোহাম্মদ আজিম উদ্দিন (২২), চট্টগ্রামের বোয়ালখালী এলাকার নূর মোহাম্মদ (৫০), টেকনাফের হাবিরছড়া এলাকার মোহাম্মদ লোকমান হাকিম (৬৫) এবং বান্দরবানের রুমা উপজেলার রেং পুং তো (২২)।আহত ব্যক্তিদের মধ্যে টেকনাফের বশির উল্লাহ (৫০), হারবাংয়ের মোহাম্মদ ইব্রাহীম (৩০), মুফিজুর রহমান (১৫), আবদুল হাকিম (৩৫) ও সাইফুল ইসলাম (২৩), মহেশখালী উপজেলার মোহাম্মদ শফি (৪০), মোহাম্মদ ইমরান (৩২) ও কামাল উদ্দিনকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রমিজ উদ্দিন সরকার জানান, লাশগুলো তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাঁরা ঘটনা তদন্ত করে দেখছেন।