চকরিয়ায় নিহতদের লাশ গাজীপুরে, জানাজা সম্পন্ন
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ আজ মঙ্গলবার সকালের দিকে গাজীপুরে পৌঁছেছে। বেলা তিনটার দিকে হাড়িনাল উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় ব্যক্তিরা জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে লাশবাহী গাড়িটি গাজীপুরে এসে পৌঁছায়। জেলা প্রশাসনের পক্ষে লাশগুলো গ্রহণ করেন গাজীপুর স্থানীয় সরকার অফিসের উপপরিচালক আবদুল্লাহ সাজ্জাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাওজিয়া আহমেদ। পরে হাড়িনাল উচ্চবিদ্যালয় মাঠে স্বজনদের উপস্থিতিতে মৃতদেহগুলো শনাক্ত করার পর পরিবারের সদস্যদের বুঝিয়ে দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গোসল শেষে নিহত ব্যক্তিদের স্বজনেরা লাশগুলো হাড়িনাল মাঠে আবার নিয়ে আসে। সেখানে বেলা তিনটায় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফনের জন্য লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। গত শনিবার চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার ওরস শরীফে যোগ দেন গাজীপুর সদরের হাড়িনাল ও নোয়াগাঁওয়ের ৪৩ জন গ্রামবাসী। ওরস শেষে গতকাল সোমবার ভোররাতে কক্সবাজার বেড়াতে যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে মাতামুহুরী নদীতে পড়ে যায়। এতে ওই বাসের ১৮ জন প্রাণ হারান এবং ২২ জন আহত হন।