চকরিয়ায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা, ৭ লাখ টাকা লুট
কক্সবাজারের চকরিয়ায় লিয়াকত আলী (৬৫) নামের এক ব্যবসায়ীকে গতকাল সোমবার দুপুরে মুখোশপরা সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। এ সময় তাঁর ব্যক্তিগত গাড়ি থেকে সাত লাখ টাকা লুট করে নেওয়া হয়। চকরিয়া-লামা-আলীকদম সড়কের রিংভং বনবিটের আধা কিলোমিটার পূর্বে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিংভং এলাকা থেকে আবদুল কাদের (২৫) ও মো. খোকন (২৭) নামে দুজনকে আটক করেছে। নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, গতকাল দুপুর সোয়া একটার দিকে চকরিয়া পৌর শহরের মৌলভীকুম এলাকার নিজ বাড়ি থেকে ছেলে এহেছান হাবিবকে (১৮) নিয়ে লিয়াকত আলী বান্দরবানের আলীকদম বাজারে যাচ্ছিলেন। আলীকদমে একটি মার্কেটের মালিক লিয়াকত। ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের ছেলে এহেছান হাবিব প্রথম আলোকে জানান, তাঁদের গাড়ি রিংভং এলাকায় পৌঁছালে চার-পাঁচজন অস্ত্রধারী গাছের গুঁড়ি ফেলে গাড়িটি থামায়। এ সময় চালক গাড়িটি বিপরীত দিকে নেওয়ার চেষ্টা করলে পেছন দিক থেকে আরও চার ব্যক্তি এসে গাড়ি থামিয়ে ফেলে এবং কাচ ভাঙচুর করে। এর পর তাঁর বাবাকে খুব কাছ থেকে দুটি গুলি ছোড়ে মুখোশ পরা সন্ত্রাসীরা। চালক ছমি উদ্দিন (২০) জানান, অস্ত্রধারী সন্ত্রাসীরা তাঁকে ও এহেছানকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে লাঠি দিয়ে পেটায় এবং ব্যবসায়ী লিয়াকতকে গুলি করে। এর পর গাড়িতে থাকা টাকা নিয়ে সন্ত্রাসীরা জঙ্গলে ঢুকে পড়ে। গুলিবিদ্ধ লিয়াকতকে চকরিয়ার একটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের চকরিয়া শাখার ব্যবস্থাপক মনসুর উদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, তাঁদের ব্যাংক থেকে গতকাল (সোমবার) বেলা সাড়ে ১১টায় ব্যবসায়ী লিয়াকত সাত লাখ টাকা উত্তোলন করেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এর পেছনে ব্যবসায়িক লেনদেন বা অন্য কোনো কারণ থাকতে পারে। ময়নাতদন্তের জন্য ব্যবসায়ীর লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ ফাঁসিয়াখালী, রিংভং ও ডুলাহাজারার পাহাড়ি এলাকায় অভিযান চালাচ্ছে।