চকরিয়ায় সংঘর্ষ, গুলিতে স্কুল ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় গতকাল শনিবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গণনার সময় গোলযোগের মধ্যে গুলিবিদ্ধ হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে আরও তিনজন।এ ছাড়া নোয়াখালীর চাটখিল উপজেলায় প্রার্থী ও তাঁদের সমর্থকদের পাল্টাপাল্টি হামলা-সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। স্থগিত করা হয়েছে দুটি কেন্দ্রের নির্বাচন।জামালপুরের ইসলামপুরে একটি ভোটকেন্দ্র থেকে এক সদস্য পদপ্রার্থীর লোকজন ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করলে পুলিশ পাঁচটি ফাঁকা গুলি ছোড়ে।চকরিয়া: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার কাকারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে সন্ধ্যা ছয়টার দিকে প্রিসাইডিং কর্মকর্তাসহ নির্বাচন কর্মকর্তারা উপজেলা সদরে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কেশব পাল নামের এক পরাজিত সদস্য পদপ্রার্থীর সমর্থকেরা ভোট পুনর্গণনার দাবি জানায়। একপর্যায়ে ওই প্রার্থীর সমর্থক ও এলাকার কিছু লোক কর্মকর্তাদের ঘিরে ধরে হইচই শুরু করে, কিছু লোক পুলিশের গাড়ি ঘেরাও করে। তখন পুলিশ গুলি ছোড়ে। জবাবে পুলিশকে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়া হয়।এ সময় স্থানীয় বেদারুল ইসলামের ছেলে চতুর্থ শ্রেণীর ছাত্র আবিদুল ইসলাম (১০) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ছাড়া ওবাইদুল হক (৩৫), ফরিদ (৩০) ও আজিজুল হক (২০) নামের আরও তিনজন গুলিবিদ্ধ হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ জানান, ভোট গণনা শেষে এক পরাজিত প্রার্থীর লোকজন ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করলে পুলিশ গুলি ছোড়ে। তিনি দাবি করেন, পুলিশের গুলিতে নয়, উচ্ছৃঙ্খল জনতার গুলিতে ছেলেটি মারা গেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন জানান, সদস্য পদপ্রার্থীর লোকজন পুলিশের গাড়ি ঘেরাও করার পর পুলিশ গুলি ছোড়ে।বেদারুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর নিরপরাধ ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।কেশব পাল এলাকায় না থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। বন্ধ পাওয়া গেছে তাঁর মুঠোফোনও।নোয়াখালী: প্রত্যক্ষদর্শী সূত্রগুলো জানায়, সকাল নয়টার দিকে চাটখিল উপজেলার বদলকোর্ট ইউনিয়নের বদলকোর্ট সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদপ্রার্থী আবু তৈয়ব লোকজন নিয়ে অন্য দুই চেয়ারম্যান পদপ্রার্থীর ওপর হামলা চালান। এ সময় দুই প্রার্থীকে মারধর করা হয়। সকাল ১০টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাবেক চেয়ারম্যান লোকমান হোসেনকে মারধর করে চেয়ারম্যান পদপ্রার্থী সহিদ উল্লার সমর্থকেরা।বেলা সাড়ে ১১টার দিকে হাটপুকুরিয়া ইউনিয়নের রমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোবিন্দপুর নূরানী মাদ্রাসা কেন্দ্রে চেয়ারম্যান পদপ্রার্থী বাকি বিল্লাহর সমর্থকেরা একাধিকবার কেন্দ্র দখলের চেষ্টা করে। এ সময় পুলিশ লাঠিপেটা করলে পাঁচ-ছয়জন আহত হয়।দুপুর দুইটার দিকে পাঁচগাঁও ইউনিয়নের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা খান ও বজলুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে একটি পক্ষের লোকজন কেন্দ্রে ঢুকে বেশ কিছু ব্যালট পেপার ও বাক্স ছিনতাই করে নিয়ে যায়। এতে পুলিশ, আনসারসহ সাত-আটজন আহত হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছয়টি ফাঁকা গুলি ছোড়ে। এ ছাড়া আবু তোরাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলসহ ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়।দুপুর দেড়টায় পরকোট দশঘরিয়া ইউনিয়নের উচ্চবিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদপ্রার্থী শাহনেওয়াজ বকশির সমর্থকদের সঙ্গে অন্য চেয়ারম্যান পদপ্রার্থী ফিরোজ আলমের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ওয়াদুদ ও স্বপন নামের দুই ব্যক্তি আহত হন।জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সহিংস ঘটনার কারণে পাঁচগাঁও ইউনিয়নের আফসার খিল ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্র ও আবু তোরাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে।জামালপুর: সংশ্লিষ্ট সূত্রের ভাষ্যমতে, ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের নাপিতের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টার দিকে সদস্য পদপ্রার্থী ফরহাদ আলী সরদারের লোকজন ভোটকক্ষে ঢুকে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়লে ছিনতাইকারীরা বিদ্যালয়ের মাঠে ব্যালট বাক্স ফেলে পালিয়ে যায়।এ ছাড়া ভোটের ফলাফল ঘোষণার পর চরপুটিমারী ইউনিয়নের ডিগ্রির চর গ্রামে পরাজিত সদস্য পদপ্রার্থী সরকার আলীর সমর্থকেরা বিজয়ী সদস্য পদপ্রার্থী এবাদুল হক বেপারীর সমর্থক শফিকুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর এবং তাঁকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান হোসেন জানান, এক প্রার্থীর লোকজন ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করলে পুলিশ পাঁচটি ফাঁকা গুলি ছোড়ে। ওই ঘটনা ছাড়া উপজেলার ছয়টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে।[প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন নোয়াখালী অফিস, চকরিয়া (কক্সবাজার) ও জামালপুর প্রতিনিধি]