চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় আজ শনিবার সকাল নয়টার দিকে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত পাঁচজন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়ার হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে স্থানীয় লোকজন মহাসড়কের ওই এলাকা দুই ঘণ্টা অবরোধ করে রাখে। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল নয়টার দিকে একটি নোয়া গাড়ি ও অপর একটি মাইক্রোবাস কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছিল। নোয়া গাড়িটি মাইক্রোবাসটিকে অতিক্রম করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায় এবং খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী মাদ্রাসাশিক্ষক ইসমাইল হোসেন (৪০) ও মাদ্রাসাছাত্র আল মমিন (৮) এবং নোয়ার চালকের মৃত্যু হয়। নোয়া গাড়ির গুরুতর আহত পাঁচ যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপর স্থানীয় লোকজন মহাসড়কের হারবাং এলাকা অবরোধ করেন। এ সময় বিক্ষুব্ধরা আট থেকে দশটি গাড়ি ভাঙচুর করে। তারা প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখলে যান চলাচল বন্ধ হয়ে যায়।স্থানীয় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রমিজউদ্দিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।