চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মা-মেয়েসহ ৪ জন নিহত
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইনানী রিসোর্টের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সৌদিয়া চেয়ারকোচ ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে কারচালকসহ একই পরিবারের স্বামী-স্ত্রী ও কন্যাসহ চারজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চট্টগ্রাম নগরের খুলশীর বাসিন্দা আবুল বশর (৭৫), তাঁর স্ত্রী কোহিনুর বেগম (৬৫) ও মেয়ে নাছিমা আক্তার (৫০) এবং কারচালক নয়ন (৪০)।জানা গেছে, আবুল বশর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের নিয়ে আটটি গাড়িবহর নিয়ে কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন। পথে নাস্তা করার জন্য হারবাং ইনানী রিসোর্ট রেস্টুরেন্টে ঢোকার পথেই চট্টগ্রাম অভিমুখী সৌদিয়া চেয়ারকোচটি তাঁদের গাড়িটিকে চাপা দেয়। এতে ওই চারজন ঘটনাস্থলেই মারা যান। নিহত আবুল বশরের আত্মীয় মাইনউদ্দিন জানান, পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে এবং দুর্ঘটনাকবলিত কার ও কোচটিকে আটক করেছে।চকরিয়া থানার উপপরিদর্শক মীর জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা হচ্ছে।