চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় একটি পিকনিকের বাস, আলুবোঝাই একটি ট্রাক ও অপর একটি যাত্রীবাহী মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আজ শুক্রবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের সবাই মাইক্রোবাসের যাত্রী।আহত যাত্রীদের চট্টগ্রাম মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।নিহত ব্যক্তিরা হলেন মাইক্রোবাসচালক কক্সবাজার সদর উপজেলার মাদ্রাসাপাড়ার মো. ইমরান দস্তগীর (২৩), হেলপার একই এলাকার তৈয়ম গোলালের ছেলে আবুল হাসেম (২২) ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বনপুকুর নলবুনিয়া এলাকার সবজি বিক্রেতা মো. মান্নান (৩৫)। নিহত অন্য দুই যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে একটি পিকনিকের বাস চট্টগ্রাম যাচ্ছিল। পথে বাসটি ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে অন্য একটি ট্রাক অতিক্রম করতে গিয়ে ট্রাকটি প্রথমে পিকনিকের বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পাঁচজন যাত্রী মারা যান। সংঘর্ষে মাইক্রোবাস ও পিকনিকের বাসটি দুমড়েমুচড়ে যায়। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপুলিশ পরিদর্শক রমিজ উদ্দিন পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।