চকলেট খান, নোবেল পান!
বেশি করে চকলেট খেলে নাকি নোবেল পুরস্কার পাওয়ার দ্বার খুলে যায়। আদর করে চকলেটকে ‘কালো সোনা’ বলেন মুখরোচক এ খাবারটির ভক্তরা। এই সোনার ঝিলিক এখন তাঁরা নোবেলের সোনায় দেখানোর কসরত করছেন। ‘নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, যেসব দেশের মানুষ তাঁদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে চকলেট রাখেন, ওই সব দেশ থেকেই বছরান্তে নোবেল পুরস্কার পাওয়ার হার সবচেয়ে বেশি। এই তালিকায় শীর্ষে আছে সুইজারল্যান্ড। এরপর রয়েছে সুইডেন ও ডেনমার্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান অবশ্য এই তালিকার ওপরের দিকে।নিউইয়র্কের সেন্ট লিউকস রুজভেল্ট হাসপাতালের উচ্চ রক্তচাপবিশেষজ্ঞ ফ্রানজ মেসারলি এই গবেষণার জনক। জাতিতে সুইস নাগরিক এই বিশেষজ্ঞ হঠাত্ করে তাঁর এক অবসর মুহূর্তে চকলেটের সঙ্গে নোবেল পুরস্কার পাওয়ার সম্পর্ক খুঁজে পান বলে দাবি করেছেন। তাঁর তথ্যমতে, দৈনন্দিন খাদ্যাভ্যাসে চকলেট থাকে—এমন ২৩টি দেশের মানুষের মধ্যে নোবেল পুরস্কার পাওয়ার হার সবচেয়ে বেশি।মেসারলি তাঁর গবেষণার তথ্যগুলো সঠিক বলে দাবি করলেও গবেষণায় যুক্তির প্রভাব খুব কম বলে স্বীকার করেছেন। চকলেট তৈরিতে ব্যবহূত কোকোয় বিদ্যমান ফ্ল্যাভোনয়েড নামের এক অ্যান্টি-অক্সিডেন্টস নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে তিনি দেখেন, চকলেট খাওয়ার দিক দিয়ে শীর্ষে থাকা ২৩টি দেশ থেকে নোবেল পুরস্কার পাওয়ার হার সবচেয়ে বেশি।এই তথ্য তিনি পান কাঠমান্ডুর একটি হোটেলে বসে, অবসর সময়ে। তিনি বলেন, ‘তথ্যগুলো পেয়ে খুব অবাক হয়েছিলাম। আমি অবাক হয়ে লক্ষ করলাম, সবচেয়ে বেশি চকলেট খায়—এমন দেশগুলোয় নোবেল বিজয়ী সবচেয়ে বেশি।’অনেকে মেসারলির এই গবেষণাকে অযৌক্তিক হিসেবে বর্ণনা করেছেন। তাঁরা বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে অনেক গবেষণা হয়, যেখানে তথ্যের সত্যতা থাকলেও যুক্তির প্রয়োগ খুব কম। মেসারলির গবেষণার মাধ্যমে পাওয়া তথ্য তেমনই একটি ব্যাপার। মেসারলি নিজেও অবশ্য এই গবেষণার অযৌক্তিক দিকটি অস্বীকার করেননি।২০০১ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন এরিখ কর্নেল। তিনি বলেন, নোবেল পুরস্কার সাধারণত অসাধারণ কোনো গবেষণা ও কাজের ওপর দেওয়া হয়ে থাকে। একটি দেশের মানুষের দৈনন্দিন খাদ্যাভ্যাসে চকলেট থাকার বিষয়টি সে দেশের অর্থনৈতিক সক্ষমতাকে নির্দেশ করে। একই সঙ্গে যে ধরনের উঁচুমানের গবেষণার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়, সেই গবেষণাগুলোও ওই দেশটির শক্ত অর্থনৈতিক ভিত্তির কারণেই হয়ে থাকে।কর্নেল অবশ্য তাঁর নোবেল সাফল্যের পেছনে চকলেটের অবদান অস্বীকার করেননি। তিনি বলেন, যদি ‘কালো চকলেট’-এর কথা বলেন, তাহলে অবশ্যই এর একটা প্রভাব আছে।অন্যান্য গবেষক অবশ্য মেসারলির চকলেটবিষয়ক তথ্য তেমন একটা আমল দেননি। বলেছেন, এতে ফাঁকফোকর রয়েই গেছে।কানাডার ইউনিভার্সিটি অব অটোয়ার পারিবারিক ওষুধ বিষয়ের সহযোগী অধ্যাপক ইয়োনি ফ্রিডফ মেসারলির এ গবেষণাটি উড়িয়ে দিয়ে বলেছেন, ‘আমি এখনো পর্যন্ত চকলেটের মধ্যে এমন কিছু পাইনি, যার কারণে এটিকে আমি আমার দৈনন্দিন খাদ্যের তালিকায় রাখতে পারি।’ রয়টার্স।