চকের বাজার চড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ের এস এম আলমগীর গতকাল মঙ্গলবার ভোরে ঢাকায় এসেছেন। সায়েদাবাদে নেমেই কালবিলম্ব না করে সোজা চলে এসেছেন পুরান ঢাকার চকবাজারে। দুপুরে কথা হয় তাঁর সঙ্গে। জানালেন, বারইয়ারহাট পৌরসভার মসজিদ মার্কেটে ‘হংকং ওয়াচ’ নামে একটি প্রসাধনীর দোকান আছে তাঁর। ঈদ সামনে রেখে দোকানের জন্য এক মাসের মধ্যে তৃতীয়বারের মতো মাল কিনতে এসেছেন। সময় কম। সারা দিন মাল কিনে ট্রান্সপোর্ট সার্ভিসে পৌঁছে দিয়ে নিজে ফিরে যাবেন রাতেই। ঈদ সামনে রেখে পুরান ঢাকার চকবাজারের ব্যস্ততা এখন তুঙ্গে। চকবাজার ছাড়াও আশপাশের মৌলভীবাজার, বেগমবাজার, উর্দু রোড থেকে সারা দেশেই পাইকারি দ্রব্য সরবরাহ করা হয়। পাঞ্জাবি, জামা, থ্রি-পিস, বাচ্চাদের পোশাক থেকে শুরু করে চুড়ি, ইমিটেশন অলংকার ও প্রসাধনীর প্রধান পাইকারি বাজার এখানে। ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকার খুচরা দোকানে এখান থেকেই মালামাল যায়। খুচরা বিক্রির কোনো কারবার নেই এখানে। এবারও চক এবং এর পার্শ্ববর্তী এলাকার ব্যবসায়ীরা ঈদ উপলক্ষে মালামাল তৈরি ও আমদানি করেছেন পর্যাপ্ত। তবে বিক্রি আশানুরূপ নয় বলে জানালেন ব্যবসায়ীরা। চকবাজার ‘হক স্টোর’-এর আশরাফ হোসেন জানালেন, সাধারণত তিনটি চালানে তাঁদের ঈদের ব্যবসা হয়ে থাকে। শবে বরাতের পর প্রথম চালানাটি চলে যায় দেশের বিভিন্ন এলাকায়। দ্বিতীয় চালানটি যায় রোজার প্রথম দুই-তিন দিনের মধ্যে। শেষ চালানটি ১০ থেকে ১৫ রোজার মধ্যে। এবার এর ব্যতিক্রম না ঘটলেও মধ্যে বৃষ্টির কারণে বেচাকেনায় বেশ ভাটা পড়েছে। এ ছাড়া যোগাযোগব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ায় ময়মনসিংহ এলাকার ব্যবসায়ীরা এখানে আসছেন না বলে তিনি জানালেন।এই এলাকায় ফেন্সি, মোহাম্মদিয়া, এনায়েত করিম মার্কেট, ওয়াহেদ, খাজা, ইয়াকুব, খান মার্কেট, হালিমা ম্যানসন ও সিটি করপোরেশনের নতুন সুপার মার্কেটসহ অনেকগুলো বহুতল সুপার মার্কেট গড়ে উঠেছে। এসব মার্কেটে উৎপাদক ও আমদানিকারকদের রয়েছে কয়েক হাজার পাইকারি দোকান। উর্দু রোডের পোশাক প্রস্তুতকারক ‘রিফাত গার্মেন্টস’-এর মালিক হাজি মো. আলমগীর জানালেন, ঈদ সামনে রেখে এবার বেশ কিছু নতুন ডিজাইনের পোশাক বাজারে এনেছেন তাঁরা। রমজানের ১৫ দিন আগেই ঢাকার বাইরে থেকে পাইকারেরা আসতে শুরু করেন। এখন ঢাকা ও আশপাশের এলাকাগুলোতে মাল যাচ্ছে। তিনি বলেন, ‘গুণগত মান ভালো করতে না পারলে ব্যবসায় টিকে থাকা মুশকিল। যাঁরা এটা পেরেছেন, তাঁদের ব্যবসা খারাপ না।’ মেয়েদের পোশাক প্রস্তুতকারক নাসরিন গার্মেন্টসের ব্যবসা বেশ ভালো। ব্যবস্থাপক তাজুল বললেন, ‘সার্বিকভাবে এবার ব্যবসায় খানিকটা মন্দা আছে। তবে সারা দেশেই আমাদের নির্দিষ্ট ক্রেতা আছে। তারা মাল নিয়ে গেছে। ফলে আমাদের তেমন অসুবিধা হয়নি।’চকে অসংখ্য দোকান আছে, যেখানে শুধু খেলনাসামগ্রী বিক্রি হয়। প্রবীণ ব্যবসায়ী হাজি মোহাম্মদ তালেব জানালেন, এই দোকানগুলোতে সারা বছর যা বিক্রি হয়, তার চেয়ে বেশি বিক্রি হয় এই রমজান মাসে। এর কারণ হিসেবে তিনি জানান, ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় ছোট-বড় নানা রকমের মেলা বসে। এসব মেলায় বাচ্চাদের খেলনা বিক্রি হয় প্রচুর। চক এলাকার ফেন্সি মার্কেটে মূলত গৃহসজ্জা ও প্রসাধনসামগ্রী বিক্রি হয়। তবে অন্য বছরের তুলনায় এবার এখানে এখনো সে রকম বিক্রি হচ্ছে না। মাওলা এন্টারপ্রাইজের এনায়েত করিম জানান, ‘ভোগ্যপণ্যের দাম বাড়ায় লোকে অনেক বিচার-বিবেচনা করে যা না, হলেই চলে না তেমন জিনিসই কিনছেন। সাধারণ মানুষের কেনাকাটার পরিমাণই কমে গেছে।’ এর পাশাপাশি চাকরিজীবীরা অনেকেই ঈদের বোনাস হাতে পাননি। ফলে তাঁরা হাত খুলে কিনতে পারছেন না। বোনাস পেলে খুচরা বিক্রি বাড়বে। তখন হয়তো পাইকারি বাজারে দ্বিতীয় বা তৃতীয় চালানের জন্য মালের টান শুরু হবে—এমনই ধারণা করছেন চকের ব্যবসায়ীরা।বিক্রি যা-ই হোক, চকের সব এলাকায় ব্যবসায়ীদের একটি দুঃখ, যানজট। দুপুরের পর থেকে রাতে দোকানপাট বন্ধ হওয়া পর্যন্ত এখানকার রাস্তাঘাট একরকম বন্ধ থাকে বললেই চলে। এই দুর্ভোগের কারণে অনেকেই চকে আসতে আগ্রহ হারিয়ে ফেলেন। তার ওপর গতকাল দিনে বৃষ্টি হওয়ায় হঠাৎ করেই বাজারে মন্দাবস্থা নেমে আসে। চক, মৌলভীবাজার, উর্দু রোড এসব এলাকার বাজার ঘুরে দেখা গেল, অধিকাংশ দোকানে ক্রেতার সংখ্যা কম। অল্প কিছু দোকানেই মালামাল কেনাবেচার কাজ চলছিল। মন্দা কাটিয়ে লেনদেনে আগের মতো ব্যস্ততা ফিরে আসবে, এই আশা সবার।