চক্রান্ত সম্পর্কে শাহবাগকে সচেতন থাকতে হবে: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, শাহবাগের সমাবেশের তরুণ-তরুণীদের কাছে জনগণের প্রত্যাশা অপরিসীম। এ আন্দোলনে সরকারের ভয়াবহ অপকীর্তিসমূহ তুলে ধরতে হবে। একই সঙ্গে সর্বজনীন আন্দোলনের সম্ভাবনাকে ব্যর্থ করতে ক্ষমতাসীন মহলের চক্রান্ত সম্পর্কেও তরুণ-তরুণীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। আজ সোমবার বিএনপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন খালেদা জিয়া। শাহবাগের আন্দোলনকারীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, জনগণের মধ্যে স্পষ্ট ধারণা সৃষ্টি করতে হবে যে, শাহবাগের এই আন্দোলন দল-মতনির্বিশেষে তরুণসমাজের আন্দোলন। তরুণসমাজকে দলীয়করণের অপকৌশল সম্পর্কে সজাগ হতে হবে। বিবৃতিতে বলা হয়, ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিমের বিরুদ্ধে শাহবাগ সমাবেশ থেকে হুমকির বিষয়ে ১৬ ফেব্রুয়ারি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদে যেসব হুমকির কথা বলা হয়েছে, তাতে গভীর উদ্বেগ জানান বিরোধীদলীয় নেতা। বিবৃতিতে খালেদা জিয়া আরও বলেন, তাদের মঞ্চে (শাহবাগের প্রজন্ম চত্বর) ক্ষমতাসীন জোটের কর্মীদের তত্পরতা থাকলে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হবে। ওই মঞ্চ থেকে যদি ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিমের মতো দেশ ও দশের প্রতি সহমর্মী, সত্যনিষ্ঠ ও দৃঢ়চেতা সাংবাদিক ও শিক্ষাবিদদের হুমকি দেওয়া হয়, তাহলে শাহবাগ আন্দোলনের স্বতন্ত্র বৈশিষ্ট্য ক্ষুণ্ন হবে বলে জনগণ মনে করে।বিবৃতিতে খালেদা জিয়া অভিযোগ করেন, নিজেদের অপশাসন টিকিয়ে রাখতে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য গুম, অপহরণ ও গুপ্তহত্যার মতো নৃশংস পথ বেছে নিয়েছে সরকার। তাঁর অভিযোগ, চার বছরে এই সরকারের অপকর্মের তীব্রতা এতই বেশি যে এর বিরুদ্ধে জনগণের ক্ষোভ ছাইচাপা আগুনের মতো আর লুকানো থাকছে না। আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের মতো তা উদগীরিত হচ্ছে। তাই জনগণের ক্রোধকে ধামাচাপা দেওয়ার জন্য সরকার নানা চক্রান্তজাল বুনে যাচ্ছে। তবে চক্রান্তের ঘূর্ণাবর্তে জনগণকে কখনোই বিভ্রান্ত করা যায় না বলে মন্তব্য করেন তিনি।খালেদা জিয়া আরও বলেন, সরকারের গণবিরোধী নীতি ও অনাচারের বিরুদ্ধে সোচ্চার দেশের লেখক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও মুক্তবুদ্ধির বুদ্ধিজীবীদের ওপর আক্রমণ ও হুমকি গত চার বছরে বিপজ্জনক রূপ নিয়েছে। স্বৈরতন্ত্রের এই চরম নগ্নরূপের ফলে দেশে দুঃসহ অশান্তি ও হানাহানির পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিবৃতিতে ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুলের বিরুদ্ধে হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।