ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষায় ‘ডিজিটাল জালিয়াতির’ প্রধান অভিযুক্ত কবির আহমদকে বাদ দিয়েই মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ। কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র।নিউমার্কেট থানার পুলিশের দাবি, পূর্ণ নাম-ঠিকানা না পাওয়ায় অভিযোগপত্র থেকে কবিরের নাম বাদ দেওয়া হয়েছে।প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, কবির সূর্য সেন হলের ছাত্র ছিলেন। হল কার্যালয়ে তাঁর নাম ও পূর্ণাঙ্গ ঠিকানাসহ ব্যক্তিগত নথি রয়েছে। এ ছাড়া নিউমার্কেট থানারই আরেকটি মামলায় কবিরের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা রয়েছে। কবিরকে অপহরণের অভিযোগে তাঁর স্ত্রী বাদী হয়ে চলতি বছরের জুলাই মাসে ওই মামলাটি করেন। অবশ্য নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এই কবির যে সেই কবির তা প্রমাণ করবেন কীভাবে?’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, কবিরের নাম-ঠিকানার জন্য পুলিশ কখনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেনি। তিনি অভিযোগ করেন, অর্থের বিনিময়ে পুলিশ মূল আসামি কবিরকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। মামলার এজাহার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে উত্তর সরবরাহ করে কিছু পরীক্ষার্থীকে ভর্তি করিয়ে দেওয়ার চুক্তি করে জালিয়াতচক্র। এ জন্য কবির আহমদের নেতৃত্বাধীন চক্রটি মোটা অঙ্কের টাকা নেয়। গোপন সূত্রে খবর পেয়ে পরীক্ষা চলার সময়ই এ চক্রের আটজনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও র্যাব যৌথভাবে আটক করে। এ খবর পেয়ে কবির পালিয়ে যান।এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুল হাসান বাদী হয়ে কবিরসহ নয়জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় মামলা করেন।তদন্ত করতে ভুলে গেছে তদন্ত কমিটি: এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ-উপাচার্য হারুন-অর-রশিদকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এরপর ১১ মাস পার হয়ে গেছে। তদন্ত কমিটিও বিষয়টি ভুলে গেছে। জানতে চাইলে কমিটির প্রধান হারুন-অর-রশিদ প্রথম আলোকে বলেন, ‘তদন্ত কমিটিতে আমি ছিলাম কি না, তা-ই তো মনে পড়ছে না।’ কমিটির আরেক সদস্য মো. আখতারুজ্জামান বলেন, এ ঘটনার তদন্তে আদৌ কোনো কাজ হয়েছে কি না, তা তাঁর মনে পড়ছে না।প্রক্টরের অভিযোগ, পুলিশের অজুহাত: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘ডিজিটাল জালিয়াতচক্রের মূল হোতা ছিল কবির। ওই সময়ে হাতেনাতে যাদের ধরা হয়েছিল, তারা কবিরের নাম বলেছে। মামলাতেও তাকে প্রধান আসামি করেছিল। কিন্তু পুলিশ চার্জশিটে তাকে আসামি না করায় হতবাক হয়েছি।’প্রক্টরের অভিযোগ, নিউমার্কেট থানার পুলিশ টাকার বিনিময়ে কবিরকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। পুলিশের ঘুষ নেওয়ার ব্যাপারে প্রক্টরের কাছে তথ্য রয়েছে বলেও তিনি দাবি করেন।নিউমার্কেট থানার এ মামলাটির তদন্ত কর্মকর্তা ছিলেন উপপরিদর্শক (এসআই) মো. আহসানুল করিম। তিনি গত ২৮ ফেব্রুয়ারি মামলার অভিযোগপত্র দেন। বর্তমানে হাজারীবাগ থানায় কর্মরত। তিনি এ প্রতিবেদকের কাছে কবিরের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করেন। আহসানুল করিম দাবি করেন, কবিরের পুরো নাম-ঠিকানা না পাওয়ায় তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা সম্ভব হয়নি। তদন্তকালে তাঁর নাম-ঠিকানা সংগ্রহের জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছে বলেও তিনি দাবি করেন। বিশ্ববিদ্যালয়ের নথিতে তো কবিরের নাম-ঠিকানা রয়েছে—প্রতিবেদকের এ কথার জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তথ্য পাওয়া যাবে না মনে করে যোগাযোগ করিনি।’তবে নিউমার্কেট থানার ওসি মুস্তাফিজুর রহমান দাবি করেন, ‘চার্জশিট দেওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কিন্তু তাঁরা কবিরের কোনো সন্ধান দিতে পারেননি।’ তিনি আরও দাবি করেন, শুধু পুলিশ নয়, র্যাবও কবিরের খোঁজে অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছে।অভিযোগপত্র: পুলিশের দেওয়া অভিযোগপত্রে যে আটজনকে আসামি করা হয়েছে তাঁরা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র আমিনুল ইসলাম (২৬), আনোয়ার হোসেন (২৫), সোহেল রানা (২৫), নজরুল ইসলাম (২৮) এবং বরিশাল বিএম কলেজের প্রাক্তন ছাত্র মো. শাহজাদা (৩০), কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ছাত্র বাচ্চু মিয়া (২২), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহাদৎ হোসেন (২৪) ও পটুয়াখালীর মো. জামাল উদ্দিন। তাঁরা সবাই এখন জামিনে মুক্ত আছেন।অভিযোগপত্রে বলা হয়, সর্বাত্মক চেষ্টা করেও কবির আহমদের পূর্ণ নাম-ঠিকানা সংগ্রহ করা যায়নি। তাই তাঁকে আপাতত মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রার্থনা করা হলো। পরবর্তী সময়ে পূর্ণ নাম-ঠিকানা ও তথ্য পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে।কবিরের নাম-ঠিকানা: পুলিশের কাছে পলাতক কবির অপহূত হয়েছেন—এ অভিযোগে গত ২৭ জুলাই নিউমার্কেট থানায় মামলা করেন তাঁর স্ত্রী মোসাম্মত সুখী। মামলায় কবিরের বর্তমান ঠিকানা লেখা হয়: বাড়ি নং ১৩, রোড নং ৬, ব্লক এ, নবোদয় হাউজিং, মোহাম্মদপুর (আদাবর থানা), ঢাকা। আর স্থায়ী ঠিকানা লেখা আছে: জেলা: পটুয়াখালী, থানা: মির্জাগঞ্জ।আর বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে কবিরের ব্যক্তিগত নথি অনুযায়ী, কবিরের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার দক্ষিণ কলাগাছিয়া গ্রামে। তাঁর বাবার নাম শাহ আলম। কবির ১৯৯৮ সালে চতরা ওলামা মঞ্জিল আল-আমিন মাদ্রাসা থেকে দাখিল (রোল ১০৮২৪২) ও ২০০০ সালে পূর্ব গুদিঘাটা সালেহিয়া আলিয়া মাদ্রাসা থেকে আলিম (রোল ১৪৩২৭৫) পাস করেন। ২০০১-০২ শিক্ষাবর্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষা প্রশাসন বিভাগে ভর্তি হন।সূর্য সেন হলের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুল মোতালেব বলেন, কবিরের বিষয়ে নিউমার্কেট থানা থেকে কখনোই কোনো তথ্য জানতে চাওয়া হয়নি।এই কবিরই সেই কবির: মোসাম্মত সুখীর করা মামলার কবির আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলার কবির যে একই ব্যক্তি, তার প্রমাণ পাওয়া গেছে। সুখীর করা মামলার এজাহারে কবিরের ভাই আবদুর রহিমের মুঠোফোন নম্বর দেওয়া আছে। ওই নম্বরে যোগাযোগ করা হলে আবদুর রহিম প্রথম আলোকে নিশ্চিত করেন যে তার ভাই কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের ছাত্র ছিলেন। তাঁদের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার দক্ষিণ কলাগাছিয়া গ্রামে। তা ছাড়া সূর্য সেন হলে সংরক্ষিত কবিরের ব্যক্তিগত নথিতে স্থানীয় অভিভাবক হিসেবে ভাই আবদুর রহিমের নাম রয়েছে।কবিরের স্ত্রীর করা মামলায় বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র আদনান আলম খান, আরিফুর রহমান ও জুয়েল মাহমুদকে আসামি করা হয়েছে। তাঁরা কবিরকে আটকে রেখে নয় লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করা হয়।জামিনে ছাড়া পেয়ে আদনান আলম প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় কবিরকে ধরতে তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করেছিলেন। এ কারণে টাকা দিয়ে এ মামলা সাজানো হয়েছে।মামলাটির তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মুস্তাজির রহমান বলেন, তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত শেষে বলা যাবে, কে দোষী।