চঞ্চল নয়, জোনাকীর আলোয় কল্যাণ
ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিতব্য জোনাকীর আলো ছবিতে চঞ্চল চৌধুরী নয়, অভিনয় করছেন কল্যাণ। এ ছবিতে অভিনয়ের জন্য প্রথম দিকে চঞ্চল চৌধুরীর সঙ্গে চূড়ান্ত আলাপের কথা জানিয়েছিলেন ছবিটির পরিচালক খালিদ মাহমুদ মিঠু।খালিদ মাহমুদ বলেন, এখন চঞ্চলের বদলে অভিনয় করছেন কল্যাণ। সেন্টমার্টিনে গতকাল বৃহস্পতিবার থেকে ছবিটির শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। ছবিতে একজন ফটোগ্রাফারের ভূমিকায় তাঁকে দেখা যাবে। এ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে খুব আনন্দিত বলে জানান তিনি। প্রথম আলো অনলাইনকে কল্যাণ বলেন, ‘এটি আমার দ্বিতীয় চলচ্চিত্র। খুবই ভালো লাগছে ইমপ্রেসের মতো বড় ব্যানারের ছবিতে কাজ করতে পেরে। অভিনয়ের ব্যাপারে মিঠু ভাইও বেশ সহযোগিতা করছেন।’ তিনি বলেন, ‘আমরা জোনাকীর আলো ছবির শুটিং করছি মূল সেন্টমার্টিন থেকে আরও ২০ কিলোমিটার দূরে। এখানে বিদ্যুত্ নেই। জেনারেটরের মাধ্যমে মোবাইলে চার্জ দিতে হয়। তবে আমি কিন্তু পুরো ব্যাপারটি বেশ উপভোগ করছি। বলতে পারেন বনভোজনের আমেজে শুটিং করছি।’জানা গেছে, গত ৯ মার্চ থেকে কুমিল্লায় শুটিংয়ের মধ্য দিয়ে ছবিটির কাজ শুরু করেন পরিচালক খালিদ মাহমুদ মিঠু। তাঁর প্রথম চলচ্চিত্র ‘গহীনে শব্দ’ দেশে ও আন্তর্জাতিকভাবে বেশ কয়েকটি পুরস্কার লাভ করে। সম্প্রতি এই ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বেশ কয়েকটি বিভাগে পুরস্কার লাভ করে। ছবিটির জন্য খালিদ মাহমুদ মিঠু জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এবারের আসরে সেরা পরিচালক নির্বাচিত হন।সেন্টমার্টিনে জোনাকীর আলো ছবির শুটিং শেষে ১২ এপ্রিল ঢাকায় ফিরবেন কল্যাণ। এর আগে ‘পিতা’ নামের একটি ছবিতে অভিনয় করেন তিনি। মাসুদ আকন্দ পরিচালিত ছবিটিতে কল্যাণের সহশিল্পী ছিলেন মেহেরজানখ্যাত শায়না আমিন।