চটে গেলেন সোনিয়া (ভিডিও)
আসামের মূখ্যমন্ত্রী তরুণ গগৈ ঘোষণা দিয়েছিলেন, গত মাসে সহিংস দাঙ্গার কারণে তাঁর রাজ্য প্রায় ধ্বংসের পথে। এই ঘোষণা ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল। সেই বিতর্কের রেশ ধরে আজ বুধবারও পার্লামেন্টে তুমুল হট্টগোল বেধে যায়। আর এতেই বেশ চটে যান কংগ্রেসের চেয়ারপারসন সোনিয়া গান্ধী।আজ এনডিটিভির খবরে বলা হয়, ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা এল কে আদভানির উসকানিমূলক মন্তব্যে লোকসভায় হট্টগোল বেধে যায়। ক্ষমতাসীন কংগ্রেস সরকারের বৈধতা নিয়ে তিনি প্রশ্ন তুললে এই বিশৃঙ্খলার শুরু হয়। আজ লোকসভার অধিবেশনে আসাম দাঙ্গা নিয়ে বক্তব্য দেওয়ার সময় এল কে আদভানি বলেন, ‘কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার আগের সরকার (ইউপিএ-১) বৈধ হলেও এই সরকারের (ইউপিএ-২) সে বৈধতা নেই। কারণ, ২০০৮ সালে এই সরকার কোটি কোটি রুপি খরচ করে ভোট আদায় করেছে।’ আদভানির এই বক্তব্যের পরপরই আসাম দাঙ্গা নিয়ে দুই পক্ষে তীব্র বিতর্ক শুরু হয়। পরে অবশ্য বিজেপির জ্যেষ্ঠ নেতা আদভানি তাঁর ওই বক্তব্য প্রত্যাহার করে নেন। বিজেপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, তিনি এই বক্তব্য দিয়ে বুঝাতে চাননি যে, ২০০৯ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ফলাফল বৈধ ছিল না। বরং ২০০৮ সালে অনুষ্ঠিত আস্থা ভোট প্রসঙ্গেই তিনি ওই কথা বলেছেন।এর আগে বিজেপির নেতা আদভানির বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন কংগ্রেসের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। তিনি এ বক্তব্য প্রত্যাহারের জন্য ক্রমাগত দাবি জানাতে থাকেন।
প্রধানমন্ত্রী মনমোহন সিং আদভানির এই বক্তব্যকে ‘মানহানিকর ও দুর্ভাগ্যজনক’ বলে আখ্যায়িত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার সিন্ধে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন, ‘আদভানিজি একজন জ্যেষ্ঠ নেতা। আমরা সবাই তাঁকে শ্রদ্ধা করি। কিন্তু নির্বাচনকে অবৈধ বলে আজ তিনি আমাদের সবাইকে অপমান করলেন। তাঁর ওই বক্তব্য ফিরিয়ে নেওয়া উচিত।’কংগ্রেসের সাধারণ সম্পাদক সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধী এ বিষয়ে বলেন, ‘তিনি (আদভানি) একজন জ্যেষ্ঠ ব্যক্তি। তিনি ভালোই জানেন তিনি কী বলছেন। এ বিষয়ে আমার বলার কিছু নেই।’ এদিকে ‘আদভানির বক্তব্যে সোনিয়া গান্ধী খুব দুঃখ পেয়েছেন’ বলে জানিয়েছেন কংগ্রেসের নেতা সঞ্জয় নিরুপম।