চট্টগ্রাম, মংলা ও উপকূলে তিন নম্বর সতর্কসংকেত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘ সৃষ্টি হওয়ায় আজ বুধবার দুপুরে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং উপকূলীয় এলাকায় তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে বরগুনা জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির কর্মকর্তারা এ খবর জানান।জেলা ঘূর্ণিঝড় কর্মসূচির উপপরিচালক হাফিজ উদ্দীন আহাম্মদ প্রথম আলোকে জানান, উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘের সৃষ্টি হওয়ায় উপকূলীয় এলাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগর ও উপকূলীয় নদ-নদীতে মাছধরা ট্রলার ও নৌকাগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আজ সকাল থেকেই বরগুনাসহ দক্ষিণ উপকূলের জেলাগুলোতে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করছে।