চট্টগ্রাম, মংলা ও কক্সবাজারে তিন নম্বর সতর্কসংকেত
পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপের কারণে সাগর উত্তাল। তাই চট্টগ্রাম-মংলা সমুদ্রবন্দর ও কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বাসস।আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রোববার সকাল নয়টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ৬৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ৭০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপকেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৫১ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ ৬১ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।