ঘূর্ণিঝড় লায়লার প্রভাবে সাগর ক্রমেই উত্তাল হয়ে উঠেছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে আজ বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৪৩৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৩৯০ কিলোমিটার ও মংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ বিকেল নাগাদ ভারতের উত্তরপূর্ব অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে মাছিলিপত্নমের কাছে মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে। এদিকে ঘূর্ণিঝড়ের পূর্বসূরি তীব্র বায়ুপ্রবাহ ও প্রবল বর্ষণে গতকাল বুধবার অন্ধ্র প্রদেশে অন্তত আট ব্যক্তি নিহত হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়া জানায়।ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।