চট্টগ্রাম, মংলা ও কক্সবাজারে ২ নম্বর সংকেত
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘থেইন’ আজ বুধবার সামান্য পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।এ কারণে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় ২ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।আজ সকাল নয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ঘূর্ণিঝড় ‘থেইন’ ১২০৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম, কক্সবাজার থেকে ১১৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম, মংলা থেকে ১১৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।পতেঙ্গা আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার, যা দমকা ও ঝোড়ো হাওয়া আকারে ৭০ কিলোমিটার পর্যন্ত বয়ে যেতে পারে। সাগর উত্তাল রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টিপাত হতে পারে।সাগরে মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস।