দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর এখন উত্তাল। এ কারণে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্কতা-সংকেত জারি করা হয়েছে।অমাবস্যার প্রভাবে বরগুনাসহ দক্ষিণ বঙ্গোপসাগর উপকূলে ঝোড়ো আবহাওয়া বিরাজ করছে।সাগর উত্তাল থাকায় অধিকাংশ জেলে ট্রলার ও নৌকা বরগুনা, পাথরঘাটা ও মহিপুর এলাকায় নোঙর করে আছে।জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার বিকেল থেকে বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়লে জেলেরা উপকূলে নিরাপদে আশ্রয় নিয়েছেন।বরগুনা জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের উপপরিচালক হাফিজ উদ্দীন আহাম্মদ আজ দুপুরে প্রথম আলোকে জানান, সাগর উত্তাল হওয়ায় উপকূলের তিনটি বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা-সংকেত জারি করা হয়েছে। নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ ফুট জলস্ফীতি হয়েছে। তিনি বলেন, অমাবস্যার প্রভাবে ঝোড়ো আবহাওয়া বিরাজ করায় প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।এদিকে বরগুনা সদর উপজেলার বাওয়ালকর, পাতাকাটা, বালিয়াতলী, গাজী মাহমুদ, গর্জনবুনিয়া, ডালভাঙা ও আমতলী উপজেলার কড়ইবাড়িয়া, শারিকখালী, চাউলাপাড়া, নলবুনিয়া, গাবতলা, কচুপাতাসহ ২২টি গ্রামে ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। পানিতে এসব এলাকার রোপা আমন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন এলাকার কৃষকেরা। পানির প্রবল চাপের কারণে পাথরঘাটায় বলেশ্বর নদ তীরের তাফালবাড়িয়া এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি হুমকির মুখে আছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বরগুনার পুরাঘাটা-আমতলী, বরইতলা-বাইনচটকি, কলাপাড়ার আলীপুর-কুয়াকাটা ফেরির পন্টুন ডুবে যাওয়ায় এসব রুটে যান চলাচল ব্যাহত হচ্ছে।