চট্টগ্রাম, মংলা ও কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনাসহ দেশের দক্ষিণ উপকূলের সর্বত্র আজ রোববার সকাল থেকে মেঘলা ও থমথমে আবহাওয়া বিরাজ করছে। বরগুনা জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের উপ পরিচালক হাফিজ উদ্দীন আহাম্মদ প্রথম আলোকে বলেছেন,বঙ্গোপসাগর উত্তাল হওয়ায় মংলা, চট্টগ্রাম বন্দর ও কক্সবাজারে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। গুমোট আবহাওয়া ও ভ্যাপসা গরমে বরগুনার বিভিন্ন এলাকায় ডায়রিয়া ও অন্যান্য পেটের পীড়া ছড়িয়ে পড়েছে। আমাদের বরগুনা প্রতিবেদক জানান, উপকূলের নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় বরগুনা সদর, আমতলী, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কমপক্ষে ৪০ টি গ্রামের ভাঙাবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়েছে। ফলে এসব এলাকার প্রায় ৫০ হাজার বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছেন। কয়েকদিন ধরে পানির নিচে ডুবে থাকায় এসব এলাকার আমনের বীজতলায় পচন ধরেছে বলে এলাকার কৃষকেরা জানিয়েছেন। পচাকোড়ালিয়া ইউনিয়নের গাবতলা গ্রামের কৃষক আ. মন্নান বয়াতী জানান, তাঁদের আমনের বীজতলা পচে গেছে। এবার আমন চাষ করতে পারবেন কিনা তা নিয়ে তিনি সংশয়ে ভুগছেন।