চট্টগ্রাম, রাজশাহী, কুষ্টিয়া, নাটোর ও চাঁদপুর থেকে আটক ৭৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের পক্ষে মিছিল ও পিকেটিংয়ের চেষ্টাকালে আজ রোববার চট্টগ্রাম, রাজশাহী, কুষ্টিয়া, নাটোর ও চাঁদপুর থেকে ৭৫ জনকে আটক করা হয়েছে। চট্টগ্রামে আটক ৯: চট্টগ্রাম থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি জানান, শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রামে হরতাল পালিত হচ্ছে। নগরে উল্লেখযোগ্যসংখ্যক রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও বাস চলছে। তবে মিছিল ও পিকেটিংয়ের চেষ্টাকালে আগ্রাবাদ, হালিশহর, কোতোয়ালি থেকে নয়জনকে আটক করেছে পুলিশ।রাজশাহীতে আটক ২১: রাজশাহী থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, রাজশাহীতে গতকাল রাত ১২টা থেকে আজ বেলা ১১টা পর্যন্ত হরতালের পক্ষে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে বিএনপির ২১ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের নগরের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।কুষ্টিয়ায় আটক ১৩: আমাদের কুষ্টিয়া অফিস জানায়, গতকাল রাতে কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকা থেকে আইনশৃঙ্খলা-বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির আট নেতা-কর্মীকে আটক করে সদর থানার পুলিশ। আজ সকালে শহরের মৌবন এলাকায় পিকেটিং করার অভিযোগে শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ কে বিশ্বাস বাবু এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মেজবাউর রহমান পিন্টুসহ পাঁচজনকে আটক করে। কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।নাটোরে আটক ১২: আমাদের নাটোর প্রতিনিধি জানান, আজ নাটোরে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে ১২ নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে। নাটোর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। চাঁদপুরে আটক ২০: চাঁদপুর ডিবি পুলিশের ওসি জাকের হোসাইন জানান, সকাল সাড়ে ১০টায় শহরের বাইরে বাবুরহাট এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কের রাস্তায় বিএনপির নেতা-কর্মীরা গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন।এ সময় সদর উপজেলার ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোলায়মান শেখসহ ২০ জনকে আটক করা হয়। তবে শহরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।