চট্টগ্রাম অঞ্চলে প্রাগৈতিহাসিক যুগেও মানুষ ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু দিন আগেও নৃ-বিজ্ঞানী ও প্রত্নতত্ত্ববিদেরা অনুমান করতেন, বৃহত্তর চট্টগ্রাম এলাকায় সাড়ে তিন থেকে চার হাজার বছর আগেও মানুষের বসবাস ছিল। কিন্তু সেই অনুমানের পক্ষে যথেষ্ট প্রমাণ তাঁদের হাতে ছিল না। গত চার বছর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ছাত্র মো. শাহীনুজ্জামান প্রাগৈতিহাসিক যুগের কিছু নিদর্শন খুঁজে পেয়েছেন। এই নিদর্শনগুলো দেখে প্রত্নতত্ত্ববিদেরা এখন বলছেন, চট্টগ্রাম অঞ্চলে মানুষের বসতি নিয়ে তাঁদের আগের অনুমান ঠিক ছিল। নিজের গবেষণা কাজের বর্ণনা দিতে গিয়ে শাহীনুজ্জামান বলেন, গত চার বছর সমতল মাঠ, উঁচু টিলা, কখনোবা গভীর জঙ্গলে অনুসন্ধান করেছেন। প্রাগৈতিহাসিক যুগের নিদর্শন খুঁজে পাওয়াই ছিল মূল উদ্দেশ্য। অনুসন্ধান কাজে কখনো স্থানীয় লোকদের সঙ্গে নিতেন, কখনো নিজে একাই কাজে বেরিয়ে পড়তেন। ২০০৬ সাল থেকে এ পর্যন্ত তিনি কুঠার, চাঁছুনি, সেল্ট, ছেনি প্রভৃতি খুঁজে পেয়েছেন। মো. শাহীনুজ্জামান বলছেন, এগুলো তিনি আবিষ্কারই করেছেন। এ প্রসঙ্গে প্রত্নতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘শাহীনুজ্জামানের এ আবিষ্কারের ফলে নব্য প্রস্তর যুগে (৩৫০০-৪০০০ বছর আগে) চট্টগ্রাম অঞ্চলে মানব বসতির প্রমাণ পাওয়া গেল।’ মূলত মোজাম্মেল হকের সহযোগিতা ও উৎসাহে ২০০৬ সালে তাঁরই ছাত্র শাহীনুজ্জামান চট্টগ্রাম অঞ্চলের প্রাগৈতিহাসিক সংস্কৃতি নিয়ে গবেষণা ও মাঠপর্যায়ের কাজ শুরু করেন। শাহীনুজ্জামান কয়েকটি ধাপে চট্টগ্রাম, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে জরিপ ও অনুসন্ধান করেন। তিনি এসব জেলার ১১টি স্থান থেকে প্রাগৈতিহাসিক যুগের মানুষের সংস্কৃতির নিদর্শন খুঁজে পেয়েছেন। শাহীনুজ্জামান বলেন, চার বছর আগে কাজ শুরু করলেও ২০০৮ এবং ২০০৯ সালের বিভিন্ন সময়ে তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্ক থেকে চাঁছুনি, পার্শ্ব চাঁছুনি, কুঠার, ছোট আকৃতির কুঠার এবং বাঁশবাড়িয়া রাবার বাগানের ছড়া থেকে সেল্ট, দুটি উত্তল চাঁছুনি, দুটি কুঠার ও ছোট আকৃতির ছেনি আবিষ্কার করেন। রাঙামাটি সদর উপজেলার নিউ সার্কিট হাউস এলাকার হেলিপ্যাডের দক্ষিণ দিকের ঢাল থেকে জীবাশ্ম কাঠের ছোট আকৃতির সেল্ট কাম চাঁছুনি, পশ্চিম দিকের ঢাল থেকে জীবাশ্ম কাঠের ছোট আকৃতির চপিং হাতিয়ার ও জনৈক মমিন আলীর বাড়ির কাছ থেকে সেল্ট আবিষ্কার করেন। কাউখালী উপজেলার ঘাগড়া বাজারের রাস্তার পাশ থেকে একটি ভাঙা পয়েন্ট আবিষ্কার করেন তিনি। এ ছাড়া লংগদু উপজেলার গুলসাখালী ইউনিয়নের বিডিআর ক্যাম্পের পেছন দিকের ছড়া থেকে তিনটি সেল্ট, আদারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি আর্মি ক্যাম্প হেলিপ্যাডের উত্তর দিকের ঢাল থেকে জীবাশ্ম কাঠের পার্শ্ব চাঁছুনি এবং পূর্ব দিকের ঢাল থেকে ছোট উত্তল চাঁছুনি আবিষ্কার করেন। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মানিকছড়ি ইউনিয়নের মইশা চাকমার দোকানের পাশের ছড়ার বিপরীত দিক থেকে জীবাশ্ম কাঠের পার্শ্ব চাঁছুনি আবিষ্কার করেন। শাহীনুজ্জামান জানালেন, ব্যক্তিগত উৎসাহ বেশি থাকায় আর্থিক বিষয়াদি তাঁর গবেষণার কাজে বাধা হয়ে দেখা দেয়নি। নিজের অর্থ দিয়েই এই গবেষণা পরিচালনা করছেন তিনি। আর্থিক সংকটে পড়লে মাঝেমধ্যে পরিচিত বা আত্মীয়দের কাছ থেকে সহায়তা নিয়েছেন। তবে এখন আর সেটা সম্ভব হচ্ছে না। অর্থ সংকটের কারণে বর্তমানে মাঠপর্যায়ে অনুসন্ধানের কাজ বন্ধ আছে। বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের একাধিক শিক্ষক জানিয়েছেন, এ ধরনের গবেষণায় মাঠকর্ম পরিচালনার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতির প্রয়োজন। আর্থিক সহযোগিতা ছাড়া ব্যাপক গবেষণা ও মাঠকর্ম পরিচালনা সম্ভব নয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন বৃহত্তর চট্টগ্রাম এলাকা থেকে এর আগেও প্রাগৈতিহাসিক যুগের নিদর্শন পাওয়া গিয়েছিল। সেসব নিদর্শনের উল্লেখ আছে আর ডি ব্যানার্জি (১৩২১ বঙ্গাব্দ) লিখিত বাংলার ইতিহাস, কে জে ব্রাউনের (১৯১৭) প্রিহিস্টোরিক এন্টিকুইটিস অব ইন্ডিয়া প্রিজারভড ইন দ্য ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা, দিলীপ কুমার চক্রবর্তীর (১৯৯২) এনসিয়ান্ট বাংলাদেশ, এম এম হকের (২০০২) প্রিহিস্টোরিক অ্যান্ড প্রটোহিস্টোরিক সেটেলমেন্ট প্যাটার্ন অব ব্যাঙ্গল ডেল্টা গ্রন্থে। এসব গ্রন্থের বিবরণ থেকে জানা যায়, ১৮৮৬ ও ১৯৭৮ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে এবং ১৯৫৮ সালে রাঙামাটির পুরোনো সার্কিট হাউস এলাকা থেকে প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ারের সন্ধান পাওয়া গিয়েছিল।কিন্তু এ বিষয়ে পরবর্তী সময়ে তেমন কোনো গবেষণা হয়নি। এ ছাড়া ওই সময়ে পাওয়া নিদর্শনগুলো বর্তমানে কোথায় আছে এ সম্পর্কিত সুনির্দিষ্ট তথ্যও পাওয়া যায় না। এর পরিপ্রেক্ষিতে প্রত্নতাত্ত্বিক ও গবেষক মহল ওই অঞ্চলে প্রাগৈতিহাসিক যুগে মানুষের বসবাস ছিল বলে ধারণা করতেন। শাহীনুজ্জামানের এই আবিষ্কারের ফলে গবেষকদের সেই ধারণা সত্য প্রমাণিত হলো।প্রাগৈতিহাসিক বিষয়ে বিশেষজ্ঞ প্রত্নতত্ত্ববিদ মো. মোজাম্মেল হক বলেন, প্রাগৈতিহাসিক যুগের মানুষ পাথরের তৈরি হাতিয়ার ব্যবহার করত। বাংলাদেশের বার্মা ও পূর্ব ভারতের আসাম, ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে প্রাগৈতিহাসিক সময়ে কাঠের হাতিয়ার ব্যবহার করা হতো। সাধারণত খুঁজে পাওয়া হাতিয়ারের আকার, আকৃতি ও ধরন দেখে তার ব্যবহার নির্ণয় করা হয়। তিনি বলেন, এটির ব্যবহার অনুসারে সে সময়ের মানুষের জীবন ও জীবিকা সম্পর্কে ধারণা করা হয়। সময়কাল নির্ণয়ের জন্য বেশির ভাগ ক্ষেত্রে খুঁজে পাওয়া বস্তুটির আশপাশ থেকে পাওয়া কয়লা ও প্রাণিজ অবশেষের কার্বন পরীক্ষা করে সময়কাল নির্ণয় করা হয়। এ ছাড়া এর আগে অন্যান্য প্রত্নস্থান থেকে পাওয়া প্রাগৈতিহাসিক বিভিন্ন বস্তুর সময়কালের সঙ্গে সামঞ্জস্য অনুসারে খুঁজে পাওয়া বস্তুটির সময়কাল নির্ণয় করা হয় (কম্পারেটিভ স্টাডি)। মোজাম্মেল হক বলেন, সম্প্রতি চট্টগ্রাম অঞ্চলে পাওয়া হাতিয়ারগুলো নব্য প্রস্তর যুগের হাতিয়ারের বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চট্টগ্রামের পার্শ্ববর্তী ত্রিপুরা, কুমিল্লা, সিলেট, মেঘালয়, আসামের বিভিন্ন স্থানে এ ধরনের হাতিয়ার ব্যবহারকারীরা খ্রিষ্টপূর্ব ১৫০০ থেকে শুরু করে খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকের মধ্যে কোনো এক সময় বসবাস করত। শাহীনুজ্জামানের আবিষ্কারের ফলে দেখা যাচ্ছে, নব্য প্রস্তর যুগে (৩৫০০-৪০০০ বছর আগে) চট্টগ্রাম অঞ্চলে মানববসতি ছিল। বাংলাদেশের ইতিহাসে এই আবিষ্কারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রত্নস্থানগুলো নিয়ে বিস্তারিত গবেষণা করতে পারলে বাংলাদেশের ইতিহাসে প্রাগৈতিহাসিক প্রত্নতত্ত্ব চর্চায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা যায়। মো. শাহীনুজ্জামান বলেন, ব্যক্তিগত উৎসাহ আছে বলেই দীর্ঘদিন ওই অঞ্চলে কাজ করছেন। তিনি বলেন, ‘চট্টগ্রাম অঞ্চলের ভূমিরূপ, পানিনিষ্কাশন ব্যবস্থা, খাদ্যের উৎস ও হাতিয়ার তৈরির কাঁচামালসহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ করে দেখা গেছে, প্রাগৈতিহাসিক সময়কালে এই অঞ্চলটি মানুষের বসবাসের জন্য উপযোগী ছিল।’ শাহীনুজ্জামান মনে করেন, এলাকাটিতে আরও ব্যাপকভিত্তিক মাঠকর্ম ও গবেষণা হওয়া প্রয়োজন।