চট্টগ্রাম আ. লীগের কোন্দল নিরসনে সিদ্ধান্ত ঢাকায়
নগর আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের মধ্যে শিগগিরই ঢাকায় একটি বৈঠক করা হবে। বিরোধ নিষ্পত্তির জন্য দলের প্রবীণ দুই নেতা সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবু ও মোশাররফ হোসেন এবং সাবেক সাংসদ ইসহাক মিয়াকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এই তিন নেতা উভয় পক্ষের সঙ্গে আলোচনা করবেন। আলোচনা ও মতামতের ভিত্তিতে ঢাকা থেকে তাঁর সিদ্ধান্ত জানাবেন বলে জানান প্রধানমন্ত্রী।আজ শনিবার বিকেলে সার্কিট হাউস চত্বরে দলের শীর্ষস্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজের সময় প্রধানমন্ত্রী এ নির্দেশনা প্রদান করেন।নগর আওয়ামী লীগের বিরোধ নিষ্পত্তির জন্য সার্কিট হাউসে যে রুদ্ধদ্বার বৈঠক হওয়ার কথা ছিল সময় স্বল্পতার কারণে তা হচ্ছে না বলেও জানান প্রধানমন্ত্রী।এ সময় সার্কিট হাউস মিলনায়তনে নগর আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের নেতারা উপস্থিত ছিলেন। এর মধ্যে এক পক্ষের নেতৃত্বে আছেন নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। অন্য পক্ষে সহসভাপতি নুরুল ইসলাম বিএসসি ও যুগ্ম সম্পাদক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। এছাড়াও চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিকেলে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরেছেন।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভিত্তিফলক উন্মোচন করেন। এটি দেশের প্রথম ও দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় মেরিটাইম বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রী আজ সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামে যান। জানা গেছে, দক্ষিণ এশিয়ার মধ্যে কেবল ভারতে মেরিটাইম বিশ্ববিদ্যালয় আছে। দেশে মেরিটাইম বিশ্ববিদ্যালয় হলে জাহাজ-নির্মাণ ও নেভাল আর্কিটেকচার, মেরিটাইম সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট-ব্যবস্থাপনা, পোর্ট, শিপিং ও কোস্টাল-ব্যবস্থাপনা এবং মেরিটাইম বাউন্ডারি ও রিসোর্স-ব্যবস্থাপনা বিষয়ে এমএসসি ও পিএইচডি ডিগ্রি নিতে পারবেন মেরিন ক্যাডেটরা। ২০১৩ সালের জুলাই থেকে মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের অধীনে এমএসসি কোর্সে ছাত্র ভর্তির কার্যক্রম শুরুর পরিকল্পনা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ঢাকায় এক অনুষ্ঠানে দেশে মেরিটাইম বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় মেরিটাইম বিশ্ববিদ্যালয় অ্যাক্ট প্রণয়নের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় ও সংস্থাপন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সদস্যদের নিয়ে একটি আন্তমন্ত্রণালয় কমিটি করা হয়। মেরিন একাডেমি সূত্র জানায়, ২৬০ কোটি টাকা ব্যয়ে মেরিটাইম বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রকল্পের কাজ শেষ হবে ২০১৩ সালের জুনে। মেরিন একাডেমির অব্যবহূত ৩৫ একর জায়গাজুড়ে গড়ে তোলা হবে মেরিটাইম বিশ্ববিদ্যালয়। এই প্রকল্পের আওতায় মেরিন একাডেমির জন্য শিক্ষকসহ আরও প্রায় ৩০০ জন ও মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের জন্য প্রাথমিক পর্যায়ে ১২৫ জন জনবল নিয়োগের প্রস্তাব করা হয়েছে।