চট্টগ্রাম আ.লীগে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগঠন থেকে ক্রমান্বয়ে ব্যক্তিকেন্দ্রিকতা দূর করার উদ্যোগ নিচ্ছে আওয়ামী লীগ। এর অংশ হিসেবে দেশের কোথাও আর ব্যক্তিনির্ভর কমিটি করার সুযোগ না দিয়ে সংগঠনের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হবে। আনা হবে নতুন নেতৃত্ব। চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচনে দল-সমর্থিত প্রার্থীর পরাজয়ের পর আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা এ বিষয়ে নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দলীয় সূত্রগুলো জানায়, চট্টগ্রামে আওয়ামী লীগকে পুনর্গঠনের ব্যাপারে দলের শীর্ষপর্যায় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সেখানে দীর্ঘদিন একক নেতৃত্বে থাকা এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে বয়স, শারীরিক অবস্থাসহ সব দিক বিবেচনা করে তাঁকে আর সক্রিয় পদে না রাখার কথা চিন্তা করা হচ্ছে। পাশাপাশি চট্টগ্রামে দলীয় কোন্দল নিরসনে একেবারে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার কথা ভাবা হচ্ছে। গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকসহ কয়েকজন চট্টগ্রামের সংগঠনের অবস্থা পর্যালোচনা করেন। তাঁরা চট্টগ্রামের বাসিন্দা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সারসহ স্থানীয় নেতাদের সঙ্গেও কথা বলেন। নেতাদের সবাই মহিউদ্দিন চৌধুরীকে সম্মানজনক কোনো পদ দিয়ে সেখানকার সংগঠন পুনর্গঠনের পক্ষে মত দেন।দলের নীতিনির্ধারকেরা বলছেন, দেশের বিভিন্ন স্থানে কিছু নেতা সংগঠনকে কুক্ষিগত করে রেখেছেন। ওই নেতারা মনে করছেন, তাঁদের ছাড়া সংগঠন অচল। তাঁরা নতুন নেতৃত্ব গড়ে ওঠার পক্ষেও বড় বাধা। এতে সংগঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ রকম ‘বড় নেতা’র হাত থেকে সংগঠনকে মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মহিউদ্দিন চৌধুরীর পরাজয়ের ঘটনা দলের নীতিনির্ধারকদের ভাবিয়ে তুলেছে। সেখানে মহিউদ্দিন চৌধুরীর একক নেতৃত্ব থাকায় অন্যরা ছিলেন অসহায়। নির্বাচনের সময় তাঁরা প্রতিশোধ নিতে মহিউদ্দিনের বিরুদ্ধে সক্রিয় হন। আবার দলের একাধিক নীতিনির্ধারক এবার মহিউদ্দিন চৌধুরীকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে দ্বিধায় থাকলেও তাঁরা মনে করেছেন, অন্য কাউকে মনোনয়ন দিলে মহিউদ্দিন চৌধুরী অসহযোগিতা করতে পারেন এবং এতে দলের প্রার্থী হেরেও যেতে পারেন। এ আশঙ্কা থেকেই দল থেকে তাঁকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু স্থানীয় নেতাদের একটা অংশ তাঁকে মেনে নেয়নি। সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের সংগঠন নিয়ে দলীয় নেতাদের সঙ্গে কথাবার্তা বলেছেন। তিনি চট্টগ্রামের নেতাদের আবার ঢাকায় ডেকে পাঠাতে পারেন। জানতে চাইলে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। এ সংগঠন কোনো ব্যক্তির ওপর নির্ভরশীল থাকতে পারে না। দলের স্বার্থেই চট্টগ্রামের একক নেতৃত্বের অবসান ঘটিয়ে সংগঠন পুনর্গঠন করতে হবে। সূত্র জানায়, শিগগিরই আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক ডাকা হবে। ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকীর পর এ বৈঠক হতে পারে। বৈঠকে চট্টগ্রামের নির্বাচন নিয়ে বিশ্লেষণ হবে। বেশ কিছু সাংগঠনিক সিদ্ধান্তও নেওয়া হতে পারে। ২০০৬ সালের ২৬ জুন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কাউন্সিল হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি। তিন বছর মেয়াদি কমিটি এরই মধ্যে চার বছর অতিক্রম করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মাত্র ২২ সদস্য নিয়ে মহানগর কমিটি কাজ করছে। কমিটিতে মহিউদিন চৌধুরী সাধারণ সম্পাদক হিসেবে নিয়েছেন তাঁর পছন্দের ইনামুল হক দানুকে। নয়জন সহসভাপতির মধ্যে একমাত্র নুরুল ইসলাম বিএসসি ছাড়া সবাই তাঁর অনুগত। তাঁদের মধ্যে কেউ বয়সের ভারে ন্যুব্জ, কেউ অসুস্থ। দলীয় কার্যক্রমে তাঁদের উপস্থিতি খুবই কম। সূত্র জানায়, চট্টগ্রামে পরাজয়ের ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে বেশ কিছু গোয়েন্দা ও দলীয় প্রতিবেদন এসেছে। এ ছাড়া প্রধানমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে কয়েকজনকে পাঠিয়ে চট্টগ্রামের পরিস্থিতি সম্পর্কে জেনেছেন। দলীয় কোন্দল ছাড়াও নির্বাচনে ঢাকা থেকে যাওয়া নেতারা ঠিকমতো কাজ করেননি বলে প্রতিবেদনে বলা হয়েছে। তাঁরা কেবল গণমাধ্যমে কথা বলা, সংবাদ সম্মেলন করা আর সমাবেশে বক্তৃতা দিয়েছেন। সাংগঠনিক সমস্যা নিয়ে স্থানীয় নেতাদের নিয়ে বৈঠক করে তাঁদের মাঠে নামাতে কোনো উদ্যোগ নেননি। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের আলোচনায় এ বিষয়গুলোও স্থান পাবে বলে জানা গেছে।