চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দ্বন্দ্ব-বিরোধ আরও প্রকট হয়ে উঠেছে। পাল্টাপাল্টি সভা-সমাবেশে এবার এক পক্ষের কারণ দর্শাও নোটিশের জবাবে অন্য পক্ষ সভাপতি-সাধারণ সম্পাদককে পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এভাবে দলের বিরোধ প্রকাশ্যে চলে আসায় স্থানীয় নেতা-কর্মীরাও ক্ষুব্ধ। এভাবে বিরোধ চলতে থাকলে সংগঠনই ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন তাঁরা।দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী নেতারা সাংসদ ও নগর কমিটির সহসভাপতি নুরুল ইসলাম বিএসসি, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং নগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আফছারুল আমীনসহ প্রতিপক্ষের চারজনকে কারণ দর্শানোর চিঠি দেন। জবাবে পাল্টা প্রতিনিধি সভা ডেকে মহিউদ্দিনকে নগর কমিটির সভাপতি ও কাজী ইনামুল হককে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন মন্ত্রীর অনুসারীরা। তবে কারণ দর্শানোর চিঠি বা পদ থেকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে কেউ দলের গঠনতন্ত্র মানেননি।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম আওয়ামী লীগের দ্বন্দ্ব চরমে বলে মনে হচ্ছে। আসলে কেউ গঠনতন্ত্র মেনে কাজ করছেন না। কেন্দ্র ছাড়া কেউ কাউকে অব্যাহতি বা বহিষ্কার করতে পারেন না। এমনকি থানা কমিটির নেতাকেও বহিষ্কার করার ক্ষমতা তাঁদের নেই। আর সভা ডাকার একটি নিয়ম আছে, যা গঠনতন্ত্রে বলা আছে। দলের সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই চট্টগ্রাম আওয়ামী লীগের ব্যাপারে আমরা সভায় বসে সিদ্ধান্ত নেব।’গত শনিবার নগরের একটি মিলনায়তনে প্রতিনিধি সভা ডেকে নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক ইনামুল হককে দলীয় পদ থেকে অব্যাহতির ঘোষণা দেওয়া হয়। নগর কমিটির সহসভাপতি নুরুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক আফছারুল আমীনের অনুসারীরা এই সভা ডাকেন। এতে তৃণমূল পর্যায়ের বিপুলসংখ্যক নেতা বক্তৃতা করেন। মহিউদ্দিন শনিবার এক পক্ষের ডাকা সভায় গৃহীত সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও অগঠনতান্ত্রিক বলে মন্তব্য করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘কমিটির মেয়াদ শেষ হওয়ায় আমরা নাকি অবৈধ হয়ে গেছি। এ কথা বলার অধিকার তো তাঁদের নেই। কমিটির মেয়াদ শেষ হলে করণীয় দলীয়প্রধান ও কেন্দ্র নির্ধারণ করবে। কেন্দ্রের নির্দেশে আমরা সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছি। তাদের নির্দেশনা ও চিঠিপত্র তো আমাদের কাছে আসছে। তাহলে আমরা কীভাবে অবৈধ হলাম?’দলীয় সূত্র জানায়, ১৭ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নুরুল ইসলাম, আফছারুল আমীন, সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম ও ইব্রাহিম হোসেন চৌধুরীকে কারণ দর্শানোর চিঠি দেওয়ার সিদ্ধান্তও গঠনতন্ত্র অনুযায়ী হয়নি। মহিউদ্দিনের চশমা হিলের বাসভবনে অনুষ্ঠিত কার্যনির্বাহী সভায় এঁদের কারণ দর্শানোর সিদ্ধান্ত হয়। সেই আলোকে তাঁদের কাছে চিঠিও পাঠানো হয়।নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, চার নেতাকে কারণ দর্শানোর সিদ্ধান্ত সঠিক ছিল না। এ ধরনের সিদ্ধান্তের সাত দিন আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি দিতে হয়, যা সভার আলোচ্যসূচিতে থাকতে হবে। আর ওই সভায় এক-তৃতীয়াংশ নেতার উপস্থিতি বাধ্যতামূলক। নগর কমিটির সভাপতি ও সম্পাদক এ ক্ষেত্রে গঠনতন্ত্র মানেননি।খোরশেদ আলম বলেন, ‘শনিবারের প্রতিনিধি সভাও গঠনতন্ত্র মেনে ডাকা হয়নি। সভা ডাকার এখতিয়ার সাধারণ সম্পাদকের। তাঁরা কি সম্পাদককে সভা ডাকতে চিঠি দিয়েছিলেন? যদি চিঠি দেন, তাহলে সম্পাদক সভা আহ্বান করতে কি ব্যর্থ হয়েছেন? যদি সভা ডাকতে ব্যর্থ হন, তাহলে কমিটির যেকোনো সদস্য নোটিশ দেবেন। এরপর সভা ডাকা না হলে সংক্ষুব্ধ সদস্য তলবি সভার ব্যবস্থা করবেন। তলবি সভার সিদ্ধান্তের আলোকে সংক্ষুব্ধ ব্যক্তি বর্ধিত বা প্রতিনিধি সভা ডেকে গঠনতন্ত্র মেনে সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং এ-সংক্রান্ত সিদ্ধান্তের চিঠি কেন্দ্রে পাঠাবেন।নুরুল ইসলাম বলেন, ‘মহিউদ্দিন গঠনতন্ত্র না মেনে আমাদের কারণ দর্শানোর চিঠি দিচ্ছেন। তাই আমরাও গঠনতন্ত্র না মেনে সভা করেছি। আমরা এর সুরাহা চাই। এভাবে সংগঠন চলতে পারে না। কেন্দ্র এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে আশা করছি।’নগর আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মীর সঙ্গে এ বিষয়ে কথা বললে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। মাঠপর্যায়ের কর্মী সালাউদ্দিন বলেন, ‘দলাদলির নামে সংগঠনে নৈরাজ্য চলছে। এতে আমরা বিব্রত ও ক্ষুব্ধ।’ আরেক কর্মী আবুল বাশার বলেন, দলীয়প্রধান হস্তক্ষেপ না করলে এই নৈরাজ্য কমবে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ গঠনতন্ত্রবিরোধী কাজ করতে না পারেন।