চট্টগ্রাম ও কক্সবাজারে কাল জামায়াতের হরতাল
জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর ভাগনে মঈনুদ্দিন হাসান নিহত হওয়ার প্রতিবাদে চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় কাল সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। এতে সমর্থন দিয়েছে নগর বিএনপি। অন্যদিকে সিলেট বিভাগ ও যশোরের মনিরামপুর উপজেলায় আজ আধা বেলা হরতাল পালন করবে দলটি। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:চট্টগ্রাম: গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা পাঁচ দিন সারা দেশের সঙ্গে কক্সবাজার ও বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখেন জামায়াত-শিবিরের কর্মীরা। জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী নেতা-কর্মীদের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে এ ঘটনা ঘটান বলে অভিযোগ ওঠে। ১৬ মার্চ রাতে নগরের বাকলিয়া থানাধীন একটি ভবনে শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় পুলিশ। তখন ভবনে থাকা তাঁর ভাগনে মঈনুদ্দিন ওপর থেকে পড়ে আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার তাঁর মৃত্যু হয়। পুলিশের ভাষ্য, মঈনুদ্দিন ভবন থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে নিচে পড়ে যান। তবে পরিবারের দাবি, পুলিশ তাঁকে ছয়তলা থেকে আটক করে চারতলায় নিয়ে আসে। এরপর নিচে ফেলে দেয়।মঈনুদ্দিনের জানাজা গতকাল শনিবার চট্টগ্রাম নগরের চকবাজার প্যারেড মাঠে অনুষ্ঠিত হয়। এর আগে সেখানে একটি সমাবেশ করে জামায়াত। মঈনুদ্দিন নিহত হওয়ার প্রতিবাদে এ সমাবেশ থেকে কাল সোমবার সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের চট্টগ্রাম নগরের আমির ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আ ন ম শামসুল ইসলাম।সমাবেশে জামায়াতের নেতা শাহজাহান চৌধুরীও বক্তব্য দেন। তিনি বলেন, ‘মঈনুদ্দিন চলে গেছে তাতে আমার কোনো আক্ষেপ নেই। সাঈদীর (মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী) মুক্তির জন্য আমার পরিবারের সবাই জীবনও দিতে প্রস্তুত। আমরা কারাগারে যেতে রাজি আছি, তবু শাহবাগিদের হাতে দেশ তুলে দিতে পারি না।’ সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম নগর জামায়াতের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দক্ষিণ জেলা আমির মো. জাফর সাদেক, উত্তর জেলা আমির মো. আমীরুজ্জামান, দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মো. মহিউদ্দিন প্রমুখ। সাংসদ শামসুল ইসলাম ও শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও গতকাল তাঁরা প্রকাশ্যে ঘোরাফেরা করেন। চকবাজার প্যারেড মাঠে তাঁরা অন্তত দুই ঘণ্টা অবস্থান করেন। এ সময় দুই শতাধিক পুলিশ মাঠের ভেতর ও বাইরে মোতায়েন ছিল। পুলিশের উপস্থিতিতেই তাঁরা জানাজায় অংশ নেন ও বক্তব্য দেন। জানাজা শেষে বিনা বাধায় তাঁরা বের হয়ে যান।এদিকে গতকালের সমাবেশে প্রথমে বৃহত্তর চট্টগ্রামে হরতালের ডাক দেওয়া হয়। তবে সন্ধ্যায় প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে ফোন করে তিন পার্বত্য জেলা হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান জামায়াত-শিবিরের নেতারা। জামায়াতের এ হরতালে চট্টগ্রাম নগর বিএনপি সমর্থন দিয়েছে। নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিম এ তথ্য জানান।বিশ্বনাথ (সিলেট): সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের ১৭ মার্চ ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার হন। ২২ ফেব্রুয়ারি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে হামলার ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁর মুক্তির দাবিতে গত বুধবার সিলেট বিভাগে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে বিশ্বনাথে পুলিশের সঙ্গে সংঘর্ষে জামায়াতের কর্মী গোলাম রব্বানী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনার প্রতিবাদে আজ রোববার সিলেট বিভাগের চার জেলায় সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল পালন করবে জামায়াত। গতকাল মহানগর ও জেলা জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।যশোর: যশোরের মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামে গত শুক্রবার পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে নিহত হন আনিছুর রহমান নামের এক ব্যক্তি। আনিছুরকে দলীয় কর্মী দাবি করে জেলা জামায়াতের পক্ষ থেকে আজ রোববার মনিরামপুরে আধা বেলা হরতালের ডাক দেওয়া হয়েছে। দলীয় সূত্র জানায়, হরতাল সফল করতে জেলার বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের মনিরামপুরে জড়ো করার পরিকল্পনা করা হয়েছে। সহিংসতা মোকাবিলায় পুলিশও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বলেন, শান্তি নষ্ট করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।