চট্টগ্রাম ও ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত
চট্টগ্রাম ও ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ও আজ শুক্রবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।আমাদের লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, গতকাল রাত সাড়ে আটটার দিকে লোহাগাড়ার চুনটি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক নুরুল আফসার এবং দুই যাত্রী মো. সৈয়দ হোসেন ও মো. ইসমাইল ঘটনাস্থলেই মারা যায়। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরেক যাত্রী রিয়াজউদ্দিনের মৃত্যু হয়।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আমাদের ঝালকাঠি প্রতিনিধি জানান, আজ সকালে ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী টেম্পো উল্টে চালক ইমরান হোসেন (২৫) নিহত এবং চার যাত্রী আহত হন। নৈকাঠির নারিকেলবাড়িয়া এলাকায় রাজাপুর-পিরোজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত মতিউর রহমান (৪৫), নুরুল হক (৩৫), মো. ইয়ামিন (২২) ও বাবুল উকিলকে (৫০) রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। টেম্পোটি বেকুটিয়া যাচ্ছিল।