চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন স্থানে হেফাজতের সমাবেশ
সামাজিক-সাংস্কৃতিক ২৩টি সংগঠনের হরতাল এবং পরিবহনের অভাবে দেশের বিভিন্ন স্থান থেকে হেফাজতে ইসলামের অনেক নেতা-কর্মী ঢাকায় আসতে পারেননি। এ অবস্থায় নিজ নিজ এলাকায় সভা-সমাবেশ করেছেন তাঁরা। এর মধ্যে চট্টগ্রাম ছাড়াও সিলেট ও বগুড়ায় বড় সমাবেশ হয়েছে। চট্টগ্রামে উসকানিমূলক বক্তৃতা করায় এক বক্তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়।ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:চট্টগ্রাম: গত শুক্রবার জুমার নামাজের পর নগরের ওয়াসা মোড়ে অবস্থান নেন হেফাজতের কর্মীরা। সন্ধ্যার পর থেকেই ওয়াসার মোড়ে ঢোকার সব কয়টি পথেই নিরাপত্তা তল্লাশি বসান হেফাজতের কর্মীরা। তাঁরা সবাইকে তল্লাশি করে সমাবেশস্থলে ঢোকান।গতকাল সকালে ওয়াসা মোড়ের পশ্চিম পাশে মঞ্চ বানিয়ে বক্তৃতা শুরু করেন সংগঠনের নেতারা। কয়েকজন পেশাজীবী নেতাও এতে বক্তৃতা করেন। দারুল মা’আরিফের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘আল্লাহর নবী ও ইসলামের প্রতি কটাক্ষকারীদের জন্য আমাদের তলোয়ার খোলা থাকবে। কোনো নাস্তিক মুসলমানের এক সেকেন্ডও এ দেশে থাকার সুযোগ নেই।’ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে তওবা করার পরামর্শ দিয়ে তিনি বলেন, তা না হলে তাঁকে এ দেশে থাকতে দেওয়া হবে না।সুন্নি আলেমদের প্রতিনিধি দাবি করে মাহবুবুল বশর আল কাদেরী নয়া দিগন্ত ছাড়া অন্য সব গণমাধ্যমের নেতাদের সমাবেশস্থল থেকে বিতাড়িত করার দাবি জানান। তিনি ঘোষণা দেন, এসব গণমাধ্যমের কার্যালয় ঘেরাও করা হবে।কাদেরীর এই বক্তব্যের পরই হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী ঘোষণা দেন, মাহবুবুল বশরের বক্তব্যের সঙ্গে হেফাজতের কোনো সম্পর্ক নেই। এরপর মাহবুবুলকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। সমাবেশের একপর্যায়ে ঢাকার সঙ্গে টেলিসম্মেলন করা হয়। এ সময় ঢাকা থেকে টেলিফোনের মাধ্যমে বক্তৃতা করেন মুফতি আবদুর রহমান।সিলেট: লংমার্চে যেতে গাড়ি না পাওয়ায় সিলেটে হেফাজতকর্মীরা নগরের কেন্দ্রস্থলের কোর্ট পয়েন্টে শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন। সংগঠন সূত্র জানায়, লংমার্চে অংশ নিতে হেফাজতের কর্মী-সমর্থকেরা শুক্রবার কেন্দ্রীয় বাসটার্মিনালে গিয়ে কোনো পরিবহন পাননি। পরে সেখান থেকে পায়ে হেঁটে ঢাকা রওনা করার প্রস্তুতিতে তাঁরা ঢাকা-সিলেট মহাসড়কের বাইপাস মোড়ে অবস্থান নেন। রাত আটটার দিকে সেখান থেকে ফিরে নগরের কোর্ট পয়েন্টে অবস্থান নেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অবস্থান গ্রহণকারীদের সংখ্যা বাড়তে থাকে। ভোরে তাঁদের একটি অংশ চলে গেলেও সকাল আটটা থেকে ফের অবস্থান গ্রহণ শুরু হয়। সেখানে সমবেত হন কয়েক হাজার মানুষ।কর্মসূচি চলাকালে হেফাজতের নেতারা ছাড়াও বিএনপির নেতারা মঞ্চে উপস্থিত হয়ে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন।কর্মসূচির সমন্বয়কারী ইসলামী ঐক্যজোটের সাবেক সাংসদ শাহীনূর পাশা চৌধুরী বলেন, কেন্দ্রীয় নির্দেশনা পেয়ে সন্ধ্যায় অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।বগুড়া: হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা গতকাল বগুড়া শহরের স্বাধীনতা স্কয়ারে সমাবেশ করেন। সকাল সাড়ে সাতটার দিকে প্রথমে বগুড়ার জামিল মাদ্রাসা থেকে কয়েক শ নেতা-কর্মী বনানীতে এসে মহাসড়কে অবস্থান নেন। এরপর শহরের বিভিন্ন মসজিদ ও কওমি মাদ্রাসা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা শহরতলীর বনানী মোড়ের স্বাধীনতা স্কয়ারের হেফাজতের সমাবেশে যোগ দিতে থাকেন। বেলা ১১টা থেকে বক্তব্য শুরু করেন নেতারা। তাঁরা বলেন, সরকারের ষড়যন্ত্রের কারণে মহাসমাবেশে যোগ দিতে না পারায় তাঁরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। ঢাকার মহাসমাবেশ থেকে নির্দেশনা না পাওয়া পর্যন্ত তাঁরা এখানেই অবস্থান করবেন। বিকেলে ঢাকার মহাসমাবেশ শেষ হওয়ার পর বগুড়ার সমাবেশ শেষ হয়।জেলার শেরপুরে হেফাজতের সমাবেশে স্থানীয় পুলিশ বাধা দিয়েছে। পরে বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় প্রশাসনের সঙ্গে আয়োজকদের সমঝোতায় সমাবেশটি মহাসড়কের ওপর থেকে সরিয়ে স্থানীয় করতোয়া বাসটার্মিনালের সামনে নেওয়া হয়।চুয়াডাঙ্গা: হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা গতকাল সকাল ১০টার দিকে পৌর এলাকার কেদারগঞ্জ মোড় থেকে পায়ে হেঁটে ঢাকামুখী লংমার্চ শুরু করেন। একপর্যায়ে পুলিশের বাধার মুখে তাঁরা কেদারগঞ্জ বাজারে রাস্তায় বসে সরকার ও ব্লগারদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণ পরে তাঁরা পুলিশ বেষ্টনী ভেঙে দ্বিতীয় দফা লংমার্চ শুরু করেন। কোর্ট মোড়ে পৌঁছার পর দ্বিতীয় দফায় পুলিশের বাধার মুখে রাস্তায় বসে পড়েন। সেখানে কিছুক্ষণ অবস্থান করে নেতা-কর্মীরা কেদারগঞ্জে ফিরে দিনভর সমাবেশ করেন।গাজীপুর: গতকাল সকাল সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়ক পথে হেফাজতে ইসলামের শত শত কর্মী হেঁটে ঢাকার উদ্দেশে রওনা হন। এ সময় তাঁরা সরকার পতনের দাবিতে স্লোগান দেন। গাজীপুর জেলা হেফাজতে ইসলামীর যুগ্ম সম্পাদক মুফতি নাসির উদ্দিন জানান, সড়ক পথ ও রেলপথে কোনো পরিবহন না পেয়ে কর্মীরা হেঁটেই ঢাকার সমাবেশে যোগ দেন। উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বিভিন্ন উপায়ে অনেক লোক গাজীপুর পৌঁছান। এরপর তাঁরা হেঁটে ঢাকার পথে রওনা হন। তাঁদের সঙ্গে যোগ দেন গাজীপুরের কর্মীরা।সিরাজগঞ্জ: গতকাল সকাল ১০টার দিকে পৌর শহরের মালসাপাড়া কবরস্থানসংলগ্ন সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কের ওপর অবস্থান নেন হেফাজতের কর্মী-সমর্থকেরা। সেখানে সমাবেশ শেষে একটি মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।নরসিংদী: নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন হেফাজতের কর্মীরা। তাঁদের অভিযোগ, ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর ভোরে নরসিংদীর দগরিয়া এলাকায় তাঁদের বাধা দেওয়া হয়। এরপর তাঁরা শহরের ভেলানগর জেলখানা মোড়ে এ অবস্থান কর্মসূচি পালন করেন।সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ঢাকায় যেতে ব্যর্থ হয়ে হেফাজতের নেতা-কর্মীরা শুক্রবার রাতে সরাইল বিশ্বরোড মোড়ে অবস্থান নেন। সারা রাত অবস্থান শেষে গতকাল সকালে তাঁরা ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলা সদরের কুট্রাপাড়া খেলার মাঠে সমবেত হন। সমাবেশে মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার ১০ সহস্রাধিক মানুষ অংশ নেন।মির্জাপুর (টাঙ্গাইল): জেলা হেফাজতের আমীর ও সদর উপজেলার দুলেরচর মাদ্রাসার অধ্যক্ষ আবদুল আজিজের নেতৃত্বে দুই সহস্রাধিক নেতা-কর্মী ঢাকা যাওয়ার উদ্দেশে হেঁটে রওনা হয়ে গতকাল ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের চরপাড়া এলাকায় পৌঁছান। গতকাল দিনভর তাঁরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।