চট্টগ্রাম কক্সবাজার ও মংলায় তিন নম্বর সতর্ক সংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর বঙ্গোপসাগর এলাকায় মৌসুমি বায়ুর প্রভাবে বরগুনাসহ দক্ষিণ উপকূলে প্রবল বর্ষণ ও ঝোড়ো আবহাওয়া বিরাজ করছে। স্থানীয় নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে দেড় থেকে দুই ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ায় বরগুনায় ২২টি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। চট্টগ্রাম, মংলা সমুদ্রবন্দর ও কক্সবাজারকে আজ শনিবার তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা জানান, গতকাল শুক্রবার রাতে বরগুনায় পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজও বৃষ্টি অব্যাহত রয়েছে। এ ছাড়া বরগুনায় বন্যানিয়ন্ত্রণ বাঁধের বাইরে প্রায় ৩০টি আবাসন প্রকল্পের বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়েছেন।বরগুনা জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের উপরিচালক হাফিজ উদ্দীন আহাম্মদ আজ সকালে প্রথম আলোকে বলেন, বঙ্গোপসাগরে বায়ুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, সকাল থেকে শত শত মাছ ধরার ট্রলার বরগুনা, পাথরঘাটা ও মহিপুর এলাকায় নিরাপদে আশ্রয় নিতে শুরু করেছে।