চট্টগ্রাম-কাপ্তাই সড়কে শতাধিক চালককে মারধর
চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও হাটহাজারীতে আজ মঙ্গলবার হরতালে গাড়ি চালাতে গিয়ে পিকেটারদের মারধরের শিকার হয়েছেন শতাধিক সিএনজিচালিত অটোরিকশার চালক। সকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ ঘটনা ঘটে। কয়েকজন চালক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ভোর ছয়টা থেকে নয়টার মধ্যে ১২ জন অটোরিকশাচালক জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তাঁরা হলেন মো. সেলিম (২৪), ফোরকান (২৭), নাসির উদ্দিন (৩১), লোকমান হোসেন (৩৫), মো. ফরিদ (৩১), পারেভজ (২৭), এনাম (২৫), ইলিয়াছ (৩১), মহসিন (৩৪), জাবেদ (৩৬), মনসুর (২৯) ও ইব্রাহিম (২৯)। কয়েকজন চালক জানান, ওই সড়কে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের বুইজ্জার দোকান, ঘাটচেক পৌর রাস্তার মাথা, পোমরা ইউনিয়নের গোচরা বাজার, শান্তির হাট ও হাটহাজারী উপজেলার নজুমিয়া হাট এলাকায় পিকেটাররা অটোরিকশার চালকদের আটক করে গাড়ি চালানোর দায়ে চড়থাপড় ও কিলঘুষি মারে। এতে অনেকের মুখ ফুলে যায়। কয়েকজনের মুখ থেকে রক্ত ঝরে।অটোরিকশাচালক সমিতির সভাপতি আবদুল খালেক প্রথম আলো ডটকমকে বলেন, হরতালের আগের রাতে সড়কের নজুমিয়া হাট ও কাপ্তাই রাস্তার মাথায় সিএনজিচালিত তিনটি অটোরিকশা ভাঙচুর করে হরতালের সমর্থকেরা। আজ সকালে সড়কের কোথাও গাড়ি ভাঙচুর করা হয়নি। গাড়ি চালানোর জন্য শতাধিক চালককে মারধর করেছে পিরেকটাররা। তাঁদের অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।