চট্টগ্রাম কারাগারে হট্টগোল, প্রধান কারারক্ষীর মৃত্যু
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের একজন কারারক্ষীকে ওয়ার্ডে আটকে রেখে মারধর করেছে কয়েকজন হাজতি। গতকাল রোববার বিকেলে কারাগারের ১৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ওই ঘটনার সময় দায়িত্ব পালনরত কারাগারের প্রধান কারারক্ষী নুরুল ইসলামের (৪৬) রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ওয়ার্ডের ১১ জন হাজতিকে আটক করা হয়।চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, নুরুল ইসলাম অ্যাজমার রোগী ছিলেন। এক তলা থেকে চার তলায় দৌড়ঝাঁপ এবং উত্তেজনা থেকে তিনি প্রথমে অসুস্থ হন এবং পরে মারা যান। তিনি বলেন, নুরুল ইসলামের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার বলেন, ‘প্রধান কারারক্ষীর মৃত্যুর ব্যাপারে এ মুহূর্তে আমরা কোনো মন্তব্য করব না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’কারাগার ও পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেল পৌনে চারটার দিকে কারাগারের চতুর্থ তলার ১৪ নম্বর ওয়ার্ডের (পদ্মা) দুই হাজতি সুমন ও জুয়েল ওয়ার্ডের ভেতরে গাঁজা আছে বলে কৌশলে কারারক্ষী আবদুল জলিল মোল্লাকে ভেতরে ঢোকান। পরে তাঁকে জিম্মি করে হাজতিরা তাঁর লাঠি কেড়ে তাঁকে বেধড়ক পিটিয়ে আহত করেন। ১০-১২ মিনিট ওই কারারক্ষী সেখানে জিম্মি অবস্থায় ছিলেন। ওই ওয়ার্ডে ৪০-৫০ জন হাজতি ছিলেন। এর আগে ওই ওয়ার্ডে নাশতা খাওয়ার লোভ দেখিয়ে মেহিদিন বিন হাসিন নামের আরেকজন বিদেশি বন্দীকে হাজতিরা জিম্মি করেন। হাসিন মালয়েশিয়ার নাগরিক।একজন কারারক্ষী জিম্মি হওয়ার কথা জানাজানি হলে কারাগারে পাগলা ঘণ্টা বাজিয়ে সর্বত্র সতর্কতা জারি করা হয়। এ সময় চারদিক থেকে ছুটে আসা কারারক্ষী ও কিছু কয়েদি এসে ওই ওয়ার্ডের তালা ভেঙে জলিলকে বের করে আনেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়।কারাগারের এই অস্থিতিশীল পরিস্থিতি সামাল দিতে চারতলার ওই ওয়ার্ডে দৌড়ঝাঁপ করায় হাঁপানির (ব্রংকিউলাইটিস অ্যাজমা) রোগী নুরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সন্ধ্যায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। তাঁর বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। তাঁর মরদেহ কারা অভ্যন্তরে আছে। সর্বশেষ খবরে জানা গেছে, কারারক্ষীকে জিম্মিদশা থেকে মুক্ত করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তবে গোটা কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারা সূত্র জানায়, পাহাড়তলী এলাকার একটি চুরির মামলায় গ্রেপ্তার হয়ে সুমন ও জুয়েল কারাগারে আছেন। এর আগেও তাঁরা কারাগারে ছিলেন। তখনো তাঁদের বিরুদ্ধে কারাবিধি লঙ্ঘনসহ নানা অভিযোগ ছিল।