চট্টগ্রাম চেম্বারের আজকের নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আজ মঙ্গলবার অনুষ্ঠেয় নির্বাচনে বাধা নেই। নির্বাচন স্থগিত করে বাণিজ্য মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।গতকাল সোমবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদেশে বলা হয়, নির্বাচনে কোনো প্রক্সি (জাল) ভোট দেওয়া যাবে না। তাহলে নির্বাচন বাতিল হবে। একই সঙ্গে নির্বাচন স্থগিতের কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সংশ্লিষ্ট ব্যক্তিদের চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।এবারের নির্বাচনে চট্টগ্রাম চেম্বার পরিষদ প্যানেলের নেতা এম এ ছালাম গতকাল রিটটি করেন। শুনানি শেষে আদালত এই আদেশ দেন। আদালতে চেম্বারের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম এবং রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও মুস্তাফিজুর রহমান খান মামলা পরিচালনা করেন।আদেশ প্রসঙ্গে রোকনউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, আজ মঙ্গলবার নির্বাচন হবে। তবে কেউ প্রক্সি ভোট দিতে পারবেন না।প্রসঙ্গত, মন্ত্রণালয়ের স্থগিতাদেশের নথি পাওয়ার পর চেম্বারের নির্বাচনী বোর্ড গত রোববার নির্বাচন স্থগিতের আনুষ্ঠানিক আদেশ জারি করে। চেম্বারের বর্তমান সভাপতি আওয়ামী লীগের সাংসদ এম আবদুল লতিফের সমর্থনপুষ্ট চেম্বার পরিষদ প্যানেল বিদ্যমান ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে চেম্বারের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের আরেক সাংসদ আখতারুজ্জামান চৌধুরীর ছেলে সাইফুজ্জামান চৌধুরীর সমর্থিত ব্যবসায়ী পরিষদ প্যানেল বিদ্যমান ভোটার তালিকাকে ত্রুটিপূর্ণ আখ্যায়িত করে নতুন তালিকা করে নির্বাচন অনুষ্ঠানের দাবি তোলে। এ নিয়ে ব্যবসায়ীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়লে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে বাণিজ্য মন্ত্রণালয় চেম্বারের নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে।