চট্টগ্রাম চেম্বারের নতুন সভাপতি মোরশেদ মুরাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোরশেদ মুরাদ ইব্রাহিম। এ ছাড়া মাহবুব আলম তালুকদার জ্যেষ্ঠ সহসভাপতি ও নুরুন নেওয়াজ সেলিম সহসভাপতি নির্বাচিত হয়েছেন। আজ বুধবার চট্টগ্রাম চেম্বারের নবনির্বাচিত পরিচালকদের প্রথম সভায় এসব পদে নির্বাচন করা হয়। নবনির্বাচিত ২৪ জন পরিচালক নিজেরা ভোট দিয়ে সভাপতি ও সহসভাপতি নির্বাচিত করেন। সভায় সভাপতিত্ব করেন চেম্বারের নবনির্বাচিত পরিচালক মাজহারুল ইসলাম চৌধুরী। নতুন সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম ক্রিস্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। গত সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে তিনি চট্টগ্রাম-৯ আসন থেকে পরাজিত হন। নবনির্বাচিত জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব আলম খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সহসভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম ইলেকট্রোমার্ট লিমিটেডের চেয়ারম্যান।প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম চেম্বারের পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ২৪টি পরিচালক পদের একটি ছাড়া সবকটিতেই বর্তমান সভাপতি এম এ লতিফের নেতৃত্বাধীন চেম্বার পরিষদ জয়ী হয়। একটিতে জয়ী হয় সাবেক সভাপতি সাইফুজ্জামান চৌধুরীর নেতৃত্বাধীন ব্যবসায়ী পরিষদ।জানা গেছে, গতকাল অনুষ্ঠিত নির্বাচনে পরিচালক পদে সবচেয়ে বেশি ভোট পান বর্তমান সহসভাপতি এম এ ছালাম। তিনি পান এক হাজার ৭৫২ ভোট। এম এ ছালামের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।