চট্টগ্রাম চেম্বারের নির্বাচনী ফলাফল ঘোষণা স্থগিত
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিসিসি) নির্বাচনী ফলাফল ঘোষণা স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. আবদুল হাইয়ের নেতৃত্বাধীন হাইকোর্টের একক অবকাশকালীন বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।আজ বুধবার চেম্বারের সাধারণ সভায় এ ফলাফল ঘোষণার কথা ছিল। চেম্বারের সাবেক পরিচালক আজফার আলী সাধারণ সভার এক নম্বর এজেন্ডা ফলাফল ঘোষণার ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদনটি করেন। আদালতে আবেদনকারী পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও মো. ফাহিমদ সারোয়ার মামলা পরিচালনা করেন। ফাহিমদ সারোয়ার প্রথম আলোকে বলেন, আজ বুধবারের সাধারণ সভায় ফলাফল ঘোষণার কথা ছিল। আলোচ্যসূচির এক নম্বরে বিষয়টি ছিল। আদালত নির্বাচনী ফলাফল ঘোষণা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন। তাই ফলাফল ঘোষণা করা যাবে না।জানা যায়, ৭ ডিসেম্বর চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার অভিযোগ এনে ফলাফল ঘোষণার ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদনটি করা হয়।