চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চেম্বারের কাল মঙ্গলবার অনুষ্ঠেয় নির্বাচনে বাধা নেই। নির্বাচন স্থগিত করে বাণিজ্য মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকার্ট। আজ সোমবার বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন। একই সঙ্গে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। নির্বাচনপ্রার্থী চট্টগ্রাম চেম্বার পরিষদ প্যানেলের নেতা এম এ ছালামের করা এক রিটের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। রিট আবেদনকারীর আইনজীবী রোকনুদ্দিন মাহমুদ জানান, কাল নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে প্রক্সি ভোট দেওয়া যাবে না। উল্লেখ্য, মন্ত্রণালয়ের স্থগিতাদেশের নথি পাওয়ার পর চেম্বারের নির্বাচনী বোর্ড গতকাল রোববার নির্বাচন স্থগিতের আনুষ্ঠানিক আদেশ জারি করে। চেম্বারের বর্তমান সভাপতি আওয়ামী লীগের সাংসদ এম আবদুল লতিফের সমর্থনপুষ্ট চেম্বার পরিষদ প্যানেল বিদ্যমান ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে চেম্বারের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের আরেক সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ-সমর্থিত ব্যবসায়ী পরিষদ প্যানেল বিদ্যমান ভোটার তালিকাকে ত্রুটিপূর্ণ আখ্যায়িত করে নতুন তালিকা করে নির্বাচন অনুষ্ঠানের দাবি তোলে। এ নিয়ে ব্যবসায়ীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়লে ‘ভোটার তালিকায় অনিয়মের’ অভিযোগে বাণিজ্য মন্ত্রণালয় চেম্বার নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে।