প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সড়ক ও রেল যোগাযোগ চালু করা হবে। এ জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি বছরের মার্চ মাসে চীন সফরকালে এ ব্যাপারে ওই দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। চীন সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে।আজ বুধবার জাতীয় সংসদে কক্সবাজার থেকে নির্বাচিত সাংসদ লুত্ফর রহমানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। এর আগে বিকেল সোয়া চারটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-চীন সড়ক ও রেল যোগাযোগ স্থাপনের জনপ্রিয় প্রকল্পটি বাস্তবায়নের জন্য এরই মধ্যে চীনা নেতাদের সঙ্গে একটি ত্রিদেশীয় কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একই সঙ্গে সমন্বিতভাবে কাজ করার কথা বলা হয়েছে।প্রধানমন্ত্রী জানান, চীনের সঙ্গে যোগাযোগব্যবস্থা চালু করতে রামু থেকে গুনদুম পর্যন্ত দুই কিলোমিটার এবং মিয়ানমারের ভিতরে টংব্রু-বলীবাজার পর্যন্ত ২৩ কিলোমিটার সড়ক নির্মিত হবে। এরই মধ্যে বাংলাদেশ সরকারের অর্থায়নে বাংলাদেশ-মিয়ানমার সরাসরি সংযোগ সড়ক নির্মাণের একটি সমীক্ষা প্রকল্প চলছে।