চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে: আমীর খসরু চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সরকার-সমর্থক সন্ত্রাসীরা টেন্ডারবাজি, দখলবাজি ও চাঁদাবাজি নিয়ে ব্যস্ত। সীমাহীন দলীয়করণের কারণে আইনের শাসন ভেঙে পড়েছে। খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র শুরু হয়েছে। এসবের পরিণতি কখনো ভালো হবে না। চট্টগ্রাম থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে।’আজ শনিবার চট্টগ্রাম নগরে আন্দরকিল্লা মোড়ে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। নাটোরে উপজেলা চেয়ারম্যান হত্যা ও সেনানিবাসের বাসভবন থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ-প্রক্রিয়ার প্রতিবাদে কোতোয়ালি থানা বিএনপি এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে অন্যদের মধ্যে নগর বিএনপির সহসভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেনসহ অন্যরা বক্তব্য দেন। তাঁদের অভিযোগ, সরকার দেশে আইনের শাসন ও গণতন্ত্রকে গৃহবন্দী করে রেখেছে। জনগণের বাকস্বাধীনতা নেই। সাধারণ নাগরিকদের মৌলিক অধিকার ও জীবনের নিরাপত্তা হুমকির মুখে। সমাবেশ শেষে খসরুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তবে আজকের সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী ছাড়া আর কাউকে দেখা যায়নি। এর আগে গত বুধবার লালদীঘি মাঠ-সংলগ্ন জেলা পরিষদ চত্বরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন উপস্থিত ছিলেন। সেই কর্মসূচিতে আমীর খসরু অনুপস্থিত ছিলেন।