যুবলীগের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের প্রস্তুতিকে কেন্দ্র করে নগর আওয়ামী লীগের দ্বন্দ্ব আবারও প্রকট হয়ে উঠেছে। সমাবেশ সফল করতে দলের নগর কমিটির সভাপতি সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরোধী হিসেবে পরিচিত নেতারা গত সোমবার আলাদা বর্ধিত সভা করেছেন। আজ বুধবার বর্ধিত সভা ডেকেছেন মহিউদ্দিন ও তাঁর অনুসারীরা। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে কাল বৃহস্পতিবার লালদীঘি মাঠে এ সমাবেশ হওয়ার কথা।দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম যুবলীগের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাবেশ সফল করতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতিরা দায়িত্ব নিয়ে কাজ করছেন। এই তিন সাংগঠনিক জেলার দায়িত্বে আছেন যথাক্রমে মহিউদ্দিন চৌধুরী, সাংসদ মোশাররফ হোসেন ও সাংসদ আখতারুজ্জামান চৌধুরী।দলীয় সূত্র জানায়, লালদীঘি মাঠের সমাবেশ সফল করতে মহিউদ্দিনবিরোধী হিসেবে পরিচিত ৩০-৩৫ জন নেতা সোমবার রাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিনের বাসায় বর্ধিত সভা করেন। লালদীঘি মাঠের সমাবেশ সফল এবং মহিউদ্দিনের বিরুদ্ধে অবস্থান নিতে বৈঠকে আলোচনা হয়। এই অংশটি সাংসদ নুরুল ইসলাম বিএসসির অনুসারী বলে পরিচিত।জানা গেছে, মহিউদ্দিন ও তাঁর অনুসারী নগর আওয়ামী লীগের নেতারা আজ বুধবার দলীয় কার্যালয় দারুল ফজল মার্কেটে বর্ধিত সভা ডেকেছেন। সভায় মহিউদ্দিন চৌধুরী সভাপতিত্ব করবেন। নগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্য কারও বর্ধিত সভা ডাকার সুযোগ নেই বলে সাবেক মেয়রের অনুসারীরা দাবি করেন। মহিউদ্দিনের বিরোধী হিসেবে পরিচিত সাবেক ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলায়মান সোমবার রাতে ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিনের বাসায় অনুষ্ঠিত সভাকে বর্ধিত সভা বলে দাবি করেন। তিনি বলেন, ‘চট্টগ্রামের নগর আওয়ামী লীগের কোনো সাংগঠনিক কমিটি নেই। তাই বৃহস্পতিবারের সভা সফল করা নিয়ে আমরা গিয়াসের বাসায় বর্ধিত সভা করেছি।’এক প্রশ্নের জবাবে তারেক বলেন, ‘আমাদের বর্ধিত সভায় মহিউদ্দিন ও তাঁর মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে টুকটাক আলোচনা হয়েছে। আসলে তিনি যে সাংগঠনিক কমিটির সভাপতি বলে দাবি করেন, তার কোনো অনুমোদন নেই। তাই দলীয় স্বার্থে আমরা একসঙ্গে বসে সভা করেছি।’জানা গেছে, সোমবার সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত নগর আওয়ামী লীগের একাংশের নেতারা বৈঠক করেন। বৈঠকে নগর কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর গিয়াস, সাবেক ওয়ার্ড কাউন্সিলর জালালউদ্দিন, যুবলীগের নেতা জামশেদ আলম, সাবেক ছাত্রনেতা এ বি এম শাহজাহানসহ অন্তত ৩৫ জন নেতা উপস্থিত ছিলেন।রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার অনুষ্ঠেয় যুবলীগের বিভাগীয় সমাবেশ সফল করতেই আমরা বর্ধিত সভা করেছি। আর মহিউদ্দিনের বিরুদ্ধে আলাদা কোনো সিদ্ধান্ত নিইনি। কারণ তাঁর বিরুদ্ধে আগেই দলের শীর্ষ নেতৃত্বের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ দেওয়া হয়েছে।’ওয়ার্ড কাউন্সিলর গিয়াস বলেন, ‘আসলে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কোনো কমিটি নেই। তাই আমরা দায়িত্ব নিয়ে সভা করেছি।’এ প্রসঙ্গে জানতে মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর অনুসারী হিসেবে পরিচিত নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘মহিউদ্দিনবিরোধীরা অনেক আগে থেকেই আলাদা কর্মসূচি পালন করছেন। এটা সংগঠনের পরিপন্থী কাজ। এতে সংগঠন ক্ষতিগ্রস্ত হয়। তাঁদের কোনো বক্তব্য থাকলে নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় বলতে পারেন। আমরা বুধবার (আজ) যে বর্ধিত সভা ডেকেছি, তাতে তাঁদের আমন্ত্রণ দেওয়া হয়েছে। আলাদা করে সভা করার কোনো দরকার নেই।’ দলীয় কোন্দলের কারণে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের তিন বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি সোয়া চার বছরেও করা সম্ভব হয়নি। ফলে কয়েকটি ধারায় বিভক্ত হয়ে চলছে নগর আওয়ামী লীগের কর্মকাণ্ড। গত জুনে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দলীয় কোন্দল প্রকাশ্য রূপ নেয়। কোন্দলের কারণে মহিউদ্দিন মেয়র পদে হেরে যান বলে মনে করা হচ্ছে। দলীয় সূত্র জানায়, ২০০৬ সালের ১৬ জুন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলন হয়। মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম ও বীর বাহাদুর ওই সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনে মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি ও কাজী ইনামুল হককে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। পরে জ্যেষ্ঠ আরও কয়েকজন নেতাকে অন্তর্ভুক্ত করে কমিটির সদস্যসংখ্যা ২৩ জনে উন্নীত করা হয়। কিন্তু সোয়া চার বছর পার হলেও ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি আর করা হয়নি।