চট্টগ্রাম নগর আ.লীগে পাঁচ ভাগ, কমিটি পুনর্গঠিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তিন বছর মেয়াদি কমিটির মেয়াদ শেষ হয়েছে প্রায় এক বছর আগে। দলীয় কোন্দলের কারণে পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব হয়নি। গত জুনে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কোন্দল প্রকাশ্য রূপ নেয়। কোন্দলের কারণেই নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়রপ্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী হেরে যান বলে মনে করা হচ্ছে। তাই নির্বাচনের আগে এবং পরে মহানগর কমিটি পুনর্গঠনের ঘোষণা দিয়েছিলেন কেন্দ্রীয় নেতারা। অথচ নির্বাচনের পর আড়াই মাস পেরিয়ে গেলেও কমিটি পুনর্গঠন করা হয়নি।গত জুনে সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা চালাতে এসে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ সাংবাদিকদের বলেছিলেন, নির্বাচনের ফল যাই হোক, এক মাসের মধ্যে দলের নগর কমিটি পুনর্গঠন করা হবে। গতকাল শনিবার যোগাযোগ করা হলে অবশ্য মাহবুবউল আলম প্রথম আলোকে বলেন, ‘ঈদের পরই চট্টগ্রাম মহানগর কমিটি পুনর্গঠন হবে। তখন আপনারা সব জানবেন।’দলীয় সূত্র জানায়, ২০০৬ সালের ১৬ জুন মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয়। এতে এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি ও কাজী ইনামুল হককে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। পরে জ্যেষ্ঠ আরও কয়েকজন নেতাকে অন্তর্ভুক্ত করে কমিটির সদস্যসংখ্যা ২৩ জনে উন্নীত করা হয়। চার বছর পেরিয়ে গেলেও ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি আর হয়নি।দলীয় সূত্র জানায়, নগর আওয়ামী লীগের কোন্দল দূর করতে ঈদের পর দল পুনর্গঠনের কাজে হাত দিতে পারে কেন্দ্র। সিটি নির্বাচনের পর এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা ছিল। কিন্তু নানা দিক থেকে তদবির এবং সংগঠনের স্বার্থে কেন্দ্র ওই সিদ্ধান্ত থেকে সরে আসে। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম বলেন, নতুন ও পুরোনো নেতাদের সমন্বয়ে চট্টগ্রাম মহানগর কমিটি ঢেলে সাজানোর চিন্তাভাবনা চলছে। ঈদের পরই এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হতে পারে। জানা গেছে, এত দিন মহানগর আওয়ামী লীগ দুই ধারায় বিভক্ত ছিল। এক পক্ষের নেতৃত্বে ছিলেন সাবেক মেয়র মহিউদ্দিন এবং অন্য পক্ষে সাংসদ নুরুল ইসলাম বিএসসি। এই দুই ভাগ এখন পাঁচ ভাগ হয়ে নগরে দলীয় কর্মসূচি পালন করছে। এক পক্ষের নেতৃত্বে আছেন মহিউদ্দিন। সিটি নির্বাচনের পর তিনি দক্ষিণ জেলা কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী ও উত্তর জেলার সভাপতি মোশাররফ হোসেনকে একমঞ্চে এনে লালদীঘি ময়দানে সমাবেশ করেন। মহিউদ্দিন প্রথম আলোর কাছে দাবি করেন, ‘দলের ভেতর কোনো কোন্দল নেই। মহানগর আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সব নেতার নাম-ঠিকানা আমার কম্পিউটারে আছে। তাঁরাই দলের কাণ্ডারি। তাঁরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম। তাঁদের নিয়ে আমার রাজনীতি চলছে। আর কোনো কোনো নেতা পদবি ব্যবহার করে নিজের ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানা সম্প্রসারণ করছেন।’নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, ‘মহিউদ্দিনের এক ডাকে হাজার হাজার নেতা-কর্মী জড়ো হন। নগরের তৃণমূল পর্যায়ের ৮০ শতাংশ নেতা-কর্মী তাঁর পক্ষে। তাঁকে বাদ দিয়ে কি নগর আওয়ামী লীগ ভাবা যায়?’মহিউদ্দিনবিরোধী হিসেবে পরিচিত নুরুল ইসলাম অন্য অংশের নেতৃত্ব দিচ্ছেন। তিনি দেশের বাইরে থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি। তাঁর অনুসারী হিসেবে পরিচিত নগর কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বলেন, ‘তিন বছর মেয়াদি কমিটির বয়স প্রায় চার বছরের বেশি। আমরা দলের ভেতর পরিবর্তন চাই।’ মহিউদ্দিনকে মহানগর কমিটি থেকে বাদ দেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, কর্মীরাও নেতৃত্বের পরিবর্তন চান। আন্দোলনে-সংগ্রামে যাঁরা মাঠে আছেন, তাঁদের নিয়ে কমিটি করতে হবে।আ জ ম নাসির এত দিন নুরুল ইসলামের সঙ্গে থাকলেও এখন তিনি আলাদা চলছেন। তিনি আলাদা দলীয় কর্মসূচি পালন করছেন। ছাত্র ও যুবকদের মধ্যে নাসিরের বেশ প্রভাব রয়েছে। যোগাযোগ করা হলে আ জ ম নাসির বলেন, ‘একটি ইস্যুতে মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে আমরা সবাই এক জায়গায় এসেছিলাম। প্রধানমন্ত্রীর নির্দেশে সিটি নির্বাচনে আমি মহিউদ্দিনের পক্ষে কাজ করেছি।’ সাংসদ নুরুল ইসলামকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘সিটি নির্বাচনের সময় বিভিন্ন বিষয়ে তাঁদের সঙ্গে আমার মতপার্থক্য হয়। তাই আমি নিজস্ব অবস্থান থেকে দলের জন্য কাজ করছি।’ তিনি আরও বলেন, ‘মহানগর আওয়ামী লীগে নেতৃত্বের পরিবর্তন দরকার। তবে এটি হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়।’আবার একসময় মহিউদ্দিনের পক্ষের বলে পরিচিত প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক মন্ত্রী আফছারুল আমীন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালামকে এখন আর তাঁর সঙ্গে দেখা যায় না। মহিউদ্দিনের সঙ্গে এই দুই নেতার দূরত্ব সৃষ্টি হয়েছে। অন্যদিকে নগর আওয়ামী লীগের একটি ক্ষুদ্র পক্ষ নিয়ে দলীয় কর্মকাণ্ড চালাচ্ছেন বন্দর-পতেঙ্গা আসনের দলীয় সাংসদ এম এ লতিফ। দল না করেও দলীয় টিকিট নিয়ে বিগত জাতীয় নির্বাচনে তিনি জয়ী হন। অভ্যন্তরীণ নদীপথে পণ্য পরিবহনকারী জাহাজের মালিকদের সংগঠন ডব্লিউটিসিসির কার্যালয় নিয়ন্ত্রণ নিয়ে গত বছরের ১২ জুন মহিউদ্দিনের অনুসারীদের সঙ্গে তাঁর পক্ষের সংঘর্ষ হয়। এরপর থেকে তাঁদের মুখ দেখাদেখি প্রায় বন্ধ। সাংসদ লতিফ মেয়র-সমর্থক শ্রমিকদের প্রতিপক্ষ হিসেবে ডক-বন্দর শ্রমিক ঐক্য পরিষদ নামে একটি সংগঠন করেন। এ সংগঠনের ব্যানারে তিনি বন্দর এলাকায় একাধিক সমাবেশ করেন। এ ছাড়া চট্টগ্রাম-১০ সংসদীয় কমিটি কার্যালয় নামে আওয়ামী লীগের আলাদা কার্যালয়ও করেছেন তিনি। সাংসদ লতিফ বিদেশে থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।