চট্টগ্রাম নগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় সাত বছর পর চট্টগ্রাম নগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার। এ নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সর্বশেষ ২০০৩ সালের ২৯ মার্চ নগর ছাত্রদলের সম্মেলন হয়। প্রায় কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হয় দক্ষিণ জেলা ছাত্রদলের সম্মেলন। গত ২৭ জুলাই দক্ষিণ জেলার সম্মেলন হওয়ার কথা ছিল। সংঘর্ষের আশঙ্কায় সম্মেলন পিছিয়ে দেওয়া হয়। এবার আয়োজকেরা অধিকাংশ কাউন্সিলরকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সম্মেলনের স্থান সম্পর্কে কিছু জানাননি বলে অভিযোগ পাওয়া গেছে।দলীয় সূত্র জানায়, নগরের পলোগ্রাউন্ডের মেলা কমিউনিটি সেন্টার ও থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে নগর ছাত্রদলের দুই পর্বের প্রতিনিধি সম্মেলন হবে। এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের অধিকাংশই বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান, সালাউদ্দিন কাদের চৌধুরী, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এম মোরশেদ খান ও মীর মোহাম্মদ নাছিরউদ্দিনের অনুসারী। এই নেতারাও তাঁদের অনুসারী ছাত্রদলের নেতাদের কমিটিতে আনার চেষ্টা করছেন। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘আগামী দিনে চট্টগ্রাম মহানগরে নেতৃত্ব দিতে পারবেন—সম্মেলনে এমন পাঁচজন নেতা বাছাই করা হবে। তাঁদের অবশ্যই যোগ্য, ত্যাগী ও মেধাবী হতে হবে। পরে ঢাকা থেকে এই পাঁচজনের নাম যাচাই-বাছাই করে আহ্বায়ক বা পূর্ণাঙ্গ কমিটি গঠনের চেষ্টা করব। সারা দেশে আমরা এ নিয়ম অনুসরণ করে নতুন নেতৃত্ব তৈরির চেষ্টা করছি।’ছাত্রদলের স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা গোপন ব্যালটে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে আগ্রহী। পকেট কমিটি করার চেষ্টা হলে সম্মেলন পণ্ড হয়ে যেতে পারে বলে তাঁরা আশঙ্কা করেন। স্থানীয় ছাত্রদলের ১১৮ জন কাউন্সিলর গোপন ভোটে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন।দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কারণে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নগর বিএনপির সম্মেলন পণ্ড হয়ে যায়। আর ওই সংঘর্ষে ছাত্রদলের বেশির ভাগ নেতা-কর্মী জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের একটি অংশ বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের এবং অন্য অংশ চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরুর পক্ষে অবস্থান নেন। নগরে এই দুই নেতার অনুসারীদের অবস্থান বেশ শক্ত।সভাপতি পদপ্রার্থী গাজী সিরাজ বলেন, ‘এক-এগারোর পর পলাতক কাপুরুষদের বাদ এবং শিক্ষাগত যোগ্যতা দেখে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আমরা চাই, আগামী দিনে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে থাকতে পারবেন—এমন নেতাদের যেন মূল্যায়ন করা হয়।’সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাশেদ খান ও কামরুল ইসলাম ত্যাগী ও নিয়মিত ছাত্রদের কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান। তাঁরা বলেন, গোপন ব্যালটে ভোট হলে কাউন্সিলররা নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে ভুল করবেন না।দক্ষিণ জেলা ছাত্রদল: সকালে নগরের হামজারবাগের একটি কমিউনিটি সেন্টারে সম্মেলন হওয়ার কথা। এতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। ছাত্রদল সূত্র জানায়, দক্ষিণ জেলা ছাত্রদলের প্রতিনিধি সম্মেলনে ২০৬ জন কাউন্সিলর উপস্থিত থাকার কথা রয়েছে। তবে সম্মেলনের স্থান নিয়ে আয়োজকেরা লুকোচুরি খেলছেন। কোথায় এ সম্মেলন হবে তা গতকাল সন্ধ্যা পর্যন্ত অধিকাংশ কাউন্সিলর জানেন না।দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী বলেন, ‘সম্মেলনের স্থান সম্পর্কে কাউন্সিলরদের কিছু জানানো হচ্ছে না। আয়োজকেরা শুধু বলছেন, বুধবার সকালে সম্মেলন হবে। এ কারণে আমরা দ্বিধায় আছি।’তবে প্রতিনিধি সম্মেলনের আয়োজক ও দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মহসীন চৌধুরী দাবি করেন, ‘ছাত্রদল নামধারী কিছু দুষ্কৃতকারী গত ২৭ জুলাই আমাদের প্রতিনিধি সম্মেলন করতে দেয়নি। আমরা তৃণমূল নেতাদের নিয়ে শক্তি সঞ্চয় করে সম্মেলনে উপস্থিত হব, যাতে দুষ্কৃতকারীরা কোনো অঘটন না ঘটাতে পারে। এ কারণে সম্মেলনের স্থান গোপন রেখেছি। এখন সব কাউন্সিলরকে সম্মেলনের স্থান ফোনে জানিয়ে দিচ্ছি।’দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিনের অনুসারীদের বিরুদ্ধে অবস্থান নেন দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মহসীন চৌধুরী। তিনি সাবেক সাংসদ গাজী শাহজাহান জুয়েল ও সরওয়ার জামাল নিজামের অনুসারী হিসেবে পরিচিত।