মামলার পর দলীয় নেতা-কর্মীরা আইনি লড়াইয়ে ব্যস্ত থাকায় চট্টগ্রাম নগর বিএনপির কর্মকাণ্ডে স্থবিরতা দেখা গিয়েছে। দলীয় নেতারা বলছেন, পুলিশি হয়রানির কারণে বেশির ভাগ নেতা-কর্মী বাসায় থাকতে পারছেন না। এসব কারণে রাজনৈতিক কর্মসূচিগুলোতে নেতা-কর্মীদের উপস্থিতি কমে গেছে।সূত্র জানায়, গত ১৩ মে নগরে পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াতের কর্মীদের সংঘর্ষ হয়। সেদিন তিনটি ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও শতাধিক গাড়ি। এসব ঘটনায় দ্রুত বিচার আইনে তিনটিসহ ছয়টি মামলা হয়। মামলায় বিএনপির নেতা-কর্মীসহ প্রায় আড়াই হাজার ব্যক্তিকে আসামি করা হয়। এসব মামলার পর থেকে আইনি লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়েছেন বিএনপির নেতা-কর্মীরা।সূত্র জানায়, ওই মামলাগুলোর মধ্যে একটিতে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত, যুবদলের কেন্দ্রীয় নেতা আবুল হাশেমসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অন্য মামলাগুলোর তদন্ত চলছে। জানতে চাইলে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা আদালতে আসা-যাওয়া নিয়ে ব্যস্ত। অন্যদিকে পুলিশ তাঁদের হয়রানি করছে। এ কারণে বেশির ভাগ নেতা-কর্মী বাসায় থাকতে পারছেন না।’ তিনি বলেন, ‘এসব করে সরকার নিজেদের ভাবমূর্তি নষ্ট করছে। বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর পুলিশ লেলিয়ে দিয়ে অতীতে কোনো সরকার টিকে থাকতে পারেনি।’ বিএনপির নেতারা বলেন, পুলিশি অভিযানের কারণে নেতা-কর্মীরা বাসায় থাকতে পারছেন না। এ কারণে রাজনৈতিক কর্মসূচিগুলোতে বিএনপির নেতাদের উপস্থিতি কমে গেছে। নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, ‘মামলা-মোকদ্দমা ও পুলিশি হয়রানির কারণে ১৩ মে থেকে আমাদের সাংগঠনিক কার্যক্রম পালন বাধাগ্রস্ত হয়। আমি নিজেও অনেকগুলো কর্মসূচিতে উপস্থিত হতে পারিনি। তবে আগামী সপ্তাহ থেকে কেন্দ্র-ঘোষিত রাজনৈতিক কর্মসূচি শুরু হচ্ছে। এতে আমরা সব দুর্বলতা কাটিয়ে তুলতে সক্ষম হব।’এদিকে সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে তোলার জন্য নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন জরুরি বলেও মনে করছেন অনেকে।নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সবুর এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আসলে মামলা-মোকদ্দমার কারণে তৃণমূল পর্যায়ে আমাদের সাংগঠনিক দুর্বলতা দেখা দিয়েছে। এতে আন্দোলন-সংগ্রাম সফল পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। তাই পূর্ণাঙ্গ কমিটি গঠন এখন সময়ের দাবি। নইলে সংগঠনকে এর খেসারত দিতে হবে।’ প্রসঙ্গত, ২০০৯ সালের ১৬ নভেম্বর নগর বিএনপির সম্মেলন দুই পক্ষের মারামারির কারণে পণ্ড হয়। তিন সপ্তাহ পর ওই বছরের ৭ ডিসেম্বর আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি এবং শাহাদাৎ হোসেনকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটির ঘোষণা করা হয়। ২০১০ সালের ফেব্রুয়ারিতে তিনজনকে নগর বিএনপির সহসভাপতি করা হয়, যাঁদের মধ্যে দস্তগীর চৌধুরী মারা গেছেন। আড়াই বছর পেরিয়ে গেলেও নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘আমরা তো দুই বছর আগে পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রে জমা দিয়েছি। এর পর থেকে সরকারের অগণতান্ত্রিক ভূমিকার কারণে আমরা কর্মসূচি নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ি। এখন মনে হয়, কমিটি ঘোষণার সময় এসেছে। জমা দেওয়া তালিকা থেকে ছোটখাটো দু-একটি পরিবর্তনের পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হতে পারে।’