চট্টগ্রাম নগরে যাত্রীবেশী লোকদের গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে আজ বুধবার সকালে বহদ্দার হাট থেকে যোলশহর দুই নম্বর গেট পর্যন্ত দুই কিলোমিটার সড়কে যাত্রীবেশী একদল লোক ২০টি বাস ভাঙচুর করেছে। কাউন্টারভিত্তিক বাস সার্ভিস চালুর পর্যাপ্ত সুযোগ-সুবিধা না পাওয়ার অভিযোগে তারা এ ভাঙচুর চালায়। ভাঙচুরের সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে নয়টার থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত একদল লোক বহদ্দার হাট থেকে ষোলশহর দুই নম্বর গেট পর্যন্ত সড়কে বিভিন্ন বাসে ভাঙচুর চালায়। ভাঙচুরের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, কাউন্টার সার্ভিস চালুর পর্যাপ্ত সুযোগ-সুবিধা না পেয়ে কিছু যাত্রী ২০ গাড়ি ভাঙচুর করেছেন। ভাঙচুরের ঘটনায় মো. ওসমান আলী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনায় নগর পুলিশের কার্যলয়ে সদর দপ্তরে পুলিশ কর্মকর্তারা পরিবহন শ্রমিক ও মালিক সমিতির নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন।পুলিশ কর্মকর্তরা মনে করছেন, পরিবহন শ্রমিকদের একটি অংশ কিছু ভাড়া করা লোক দিয়ে গাড়ি ভাঙচুরের এ ঘটনা ঘটিয়েছে। আর যানবাহনের মালিকদের মধ্যে যাঁরা কাউন্টারভিত্তিক বাস চলাচল ব্যবস্থার বিরোধী, ভাঙচুরের পিছনে তাঁদের হাত রয়েছে।চট্টগ্রাম মহানগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার ফারুক আহমদ প্রথম আলোকে বলেন, নগরে চলাচলকারী প্রায় দেড় হাজার বাসের মধ্যে বেশির ভাগ নিয়ন্ত্রণ করেন দুজন মালিক। তাঁরা কৌশলে গাড়ি চলাচল বন্ধ রেখে এ সংকট তৈরি করেছেন।গত সোমবার নগরে নিউমার্কেট মোড়ে কাউন্টারভিত্তিক বাসসার্ভিস ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. মনজুর আলম ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা টিকিট কেটে বাসে ছেড়ে এ ব্যবস্থা চালু করেন। কিন্তু গোড়া থেকে বাস-মালিকদের একটি অংশ এ ব্যবস্থা চালুর বিরোধিতা করে আসছে। এ কারণে গত তিন মাসে তিন দফায় দিনক্ষণ ঠিক করেও নতুন ব্যবস্থা চালু কারা সম্ভব হয়নি।পুলিশ কর্মকর্তারা বলছেন, টিকিট কেটে বাসে ওঠার নতুন এ পদ্ধতি চালু হলে সড়কের যেখানে-সেখানে বাস থামিয়ে যাত্রী তোলা বন্ধ হবে। এতে কমবে নগরের যানজট। একই সঙ্গে নিয়মিত চলাচলকারী যাত্রীদের ভোগান্তিও কমবে।নগরে ১১টি রুটে প্রায় এক হাজার ৫০০ বাস চলাচল করছে। এর মধ্যে বেশির ভাগ বাস ব্যবহূত হয় চট্টগ্রাম ইপিজেড কর্মরত প্রায় দেড় লাখ শ্রমিক পরিবহনের কাজে। এসব বাস নিয়ন্ত্রণ করেন ওই দুই মালিকের প্রতিষ্ঠান। তাঁরাই গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন বলে পুলিশের অভিযোগ।