চট্টগ্রাম নগরে যুবলীগ কর্মী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের এমইএস কলেজের বিপরীতে একটি গলিতে গতকাল শনিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে শেফায়েতুল হক ওরফে জাবেদ (৩০) নামের যুবলীগের এক কর্মী আহত হয়েছেন। সন্ত্রাসীরা তাঁর দুই পায়ে গুলি করে পালিয়ে যায়।পুলিশ সূত্র জানায়, শেফায়েতুল তালিকাভুক্ত সন্ত্রাসী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ মামুনের সমর্থক। দীর্ঘদিন দেশের বাইরে পালিয়ে থাকার পর সম্প্রতি মামুন গোপনে দেশে ফিরে আসেন। তিনি তাঁর পুরোনো ক্যাডারদের সংগঠিত করার চেষ্টা করছিলেন। কিন্তু তাঁর অনুপস্থিতিতে অন্যতম সহযোগী মশিউর রহমান ওরফে দিদার আলাদা একটি গ্রুপ গড়ে তোলেন।দলীয় সূত্র জানায়, দিদার তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে গতকাল সন্ধ্যার দিকে শেফায়েতুলকে খুলশী আবাসিক এলাকার একটি বাসা থেকে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। রাত পৌনে ১১টার দিকে শেফায়েতুলকে এমইএস কলেজের বিপরীতে ভূঁইয়া গলিতে নিয়ে দুই পায়ে গুলি করেন তাঁরা। গুলিবিদ্ধ শেফায়েতুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, শেফায়েতুলের দুই পায়ের হাঁটুর নিচে খুব কাছ থেকে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘শেফায়েতুলের সঙ্গে মশিউরের কিছু আর্থিক লেনদেন ছিল বলে আমরা জেনেছি। সেই ঘটনার জের ধরে শেফায়েতুলকে গুলি করা হয়।’প্রতিবাদে বিক্ষোভ: শেফায়েতুলকে গুলি করার প্রতিবাদে স্থানীয় যুবলীগের একটি পক্ষ গতকাল রাত ১২টার দিকে জিইসি মোড় এলাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। পরে তারা মিছিল নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যায়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাসী মশিউর, রাজুসহ অন্তত পাঁচজন সশস্ত্র ব্যক্তি শেফায়েতুলকে অপহরণ করে নিয়ে গুলি করেন। বক্তারা অপহরণকারী ও গুলিবর্ষণকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।