চট্টগ্রাম নগরের দুই-তৃতীয়াংশ এলাকায় জলাবদ্ধতা
মাঝারি থেকে ভারী টানা রেকর্ড পরিমাণ বৃষ্টিতে চট্টগ্রামের দুই-তৃতীয়াংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন এলাকার ঘরবাড়িতেও পানি ঢুকে পড়েছে।আজ রোববার সকাল নয়টা পর্যন্ত ২০৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া দপ্তর। এটি এই মৌসুমের মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় গত বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়। কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকে কখনো মাঝারি আবার কখনো ভারী বৃষ্টিপাত শুরু হয়। রাতভর বৃষ্টিতে নগরের অর্ধেকেরও বেশি অংশ জলাবদ্ধ হয়ে পড়েছে। নগরের বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে গেছে। প্রবর্তক, বাকলিয়া, চাক্তাই, চকবাজার, কাপাসগোলা, পাঁচলাইশ, চান্দগাঁও আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানের নিচতলার বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। পানি বেশি হওয়ায় এসব এলাকার রাস্তাঘাটগুলোতে রিকশা চলাচলও বন্ধ হয়ে গেছে।