চট্টগ্রাম নগরের সঙ্গে বিমানবন্দরের যোগাযোগ বন্ধ
চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) শ্রমিকেরা সংগঠিত হয়ে আজ শুক্রবার বিকেলে সড়ক অবরোধ করে। রাত সোয়া আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইপিজেড ফটকের সামনে অবরোধ চলছিল। এ কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্রসৈকতের সঙ্গে নগরের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে।ইপিজেড-সংলগ্ন বিভিন্ন কলোনিতে বাসা ভাড়া দফায় দফায় বাড়ানোর প্রতিবাদে কয়েক হাজার শ্রমিক বিকেল সাড়ে তিনটা থেকে ইপিজেডের প্রধান ফটকের সামনে অবরোধ সৃষ্টি করে। একপর্যায়ে অবরোধের বিস্তৃতি ঘটে সিমেন্ট ক্রসিং থেকে বন্দরের টোল সড়ক পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়কজুড়ে। এ সময় হাজার হাজার শ্রমিক রাস্তায় অবস্থান নেন। তবে রাত পর্যন্ত কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।আকস্মিক অবরোধের কারণে দীর্ঘসময় ধরে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হয়। বিশেষ করে বিমানবন্দরের যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে। রাস্তায় আটকে পড়া অনেকে হেঁটে গন্তব্যের দিকে রওনা হয়। শ্রমিকদের বাধার কারণে কাস্টমস হাউস থেকে পতেঙ্গা পর্যন্ত অন্তত সাত কিলোমিটার দীর্ঘ সড়কে শত শত যানবাহনও আটকা পড়ে।উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে রাত সোয়া আটটায় নগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘বাড়ি ভাড়া বাড়ানোর প্রতিবাদে শ্রমিকেরা আকস্মিক অবরোধ কর্মসূচি পালন করছে। আমরা বাড়ির মালিকদের সঙ্গে শ্রমিকনেতাদের সমঝোতা বৈঠকে বসানোর চেষ্টা করছি। স্থানীয় নেতাদের সঙ্গেও আমাদের যোগাযোগ হচ্ছে। আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব। তবে আলোচনায় বসার জন্য কোনো শ্রমিকনেতাকে আমরা খুঁজে পাচ্ছি না। যে কারণে অবরোধও ওঠানো যাচ্ছে না।’